ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ শেষে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের এই ফরম্যাটের অধিনায়ক মিসবাহ-উল-হক। এবার তার দেখানো পথে হাঁটলেন ইউনিস খানও। একই সিরিজ শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ব্যাট-প্যাড তুলে রাখার ঘোষণা দিয়ে রাখলেন এই পাক ব্যাটসম্যান।
করাচিতে এক সংবাদ সম্মেলনে শনিবার নিজের আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার কথা জানান ইউনিস, ‘মনে হয় এখনই সঠিক সময় খেলা ছাড়ার। আমি মাথা উঁচু করেই বিদায় নেব।’
বয়স ৪০-এর ঘরে। কবে অবসর নেবেন ধরনের প্রশ্ন হরহামেশাই শুনতে হয়। সেটি বেশ চাপও সৃষ্টি করতো বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ইউনিস। তবে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ঘরোয়া লিগে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছে তার।
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেকের পর সাদা পোশাকে ১১৫টি ম্যাচ খেলেছেন ইউনিস। আর মাত্র ২৩ রান করলেই প্রথম পাকিস্তানি হিসেবে ১০ হাজারি ক্লাবে পা রাখবেন। তার নেতৃত্বেই ২০০৯ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। তিন ফরম্যাটের ক্রিকেটেই দেশকে নেতৃত্ব দিয়েছেন ইউনিস।
বয়স বেশি বলে যে ব্যাটে খরা চলছে তা কিন্তু নয়। বয়সের সমান তালে রান ফোয়ারাও ছুটিয়ে চলেছেন ইউনিস। জায়গা পেয়েছেন উইজডেন-২০১৬ বর্ষসেরা পাঁচ খেলোয়াড়ের তালিকায়। পাকিস্তানের সাদা পোশাকের অধিনায়ক মিসবাহও আছেন সেই মর্যাদাপূর্ণ ছোট্ট তালিকায়।







