নিখোঁজ মিশরীয় বিমানটি মাঝআকাশে চক্কর খেয়ে ভূমধ্যসাগরে পড়ে ডুবে যায় ফলে প্লেনের যাত্রীদের বেঁচে থাকার আশা নেই বললেই চলে।
গ্রিক ক্রিট দ্বীপের কাছে বিমানের কিছু ধ্বংসাবশেষও দেখা গেছে বলে জানিয়েছে এথেন্স।
গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপপুঞ্জের আশপাশে কমলা রংয়ের দু’টি বস্তু দেখা গেছে। ধারণা করা হচ্ছে ওই বস্তুগুলো রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া ইজিপ্ট এয়ারের যাত্রীবাহী প্লেনটির কোনো অংশ।
কর্তৃপক্ষ জানিয়েছে ফ্লাইট এমএস৮০৪ মিশরের আকাশসীমায় প্রবেশ পরপরই ৯০ ডিগ্রি বামে এবং ৩৬০ ডিগ্রি ডানে চক্কর খায়। এরপর বিমানটি ৩৭ হাজার ফিট থেকে একেবারে ১৫ হাজার ফিট নিচে নেমে এসে রাডার থেকে হারিয়ে যায়।
মিশরের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী বলছেন, বিমানটি নিখোঁজ হওয়ার পেছনে কারিগরি ক্রুটির তুলনায় সন্ত্রাসী হামলার সম্ভাবনাই বেশি বলে তিনি মনে করেন।
প্লেনটিতে ক্রুসহ ৬৬ জন আরোহী ছিলেন। ৫৬ জন যাত্রীদের মধ্যে মিশরের ৩০ জন, ফ্রান্সের ১৫ জন, ইরাকের ২ জন, ব্রিটেন, কানাডা, বেলজিয়াম, কুয়েত, সৌদি আরব, আলজেরিয়া, চাঁদ ও পর্তুগালের মোট একজন করে যাত্রী ছিলেন।
এদিকে সম্ভাব্য বিধ্বস্তস্থলের আশপাশে প্লেনটির খোঁজে অভিযান চালাচ্ছে গ্রিসের কর্তৃপক্ষ।







