কোপা ইতালিয়ার ফাইনালে এসি মিলানকে ৪-০ গোলে উড়িয়ে ঘরোয়া ফুটবলে ডাবল জয়ের পথে আরেকধাপ এগিয়ে গেল জুভেন্টাস।
এটি টানা চতুর্থ ও সর্বোচ্চ ১৩তম বারের মতো কাপ জয় তুরিনের বুড়িদের।
বুধবার রাতে ম্যাস্সিমিলিয়ানো অ্যাল্লেগ্রির দলের জয়ে দুটি গোল করেছেন মেদি বেনাটিয়া। একটি ডগলাস কস্তার। আরেকটি গোল আত্মঘাতী।
রোমের অলিম্পিক স্টেডিয়ামে গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৫৬ মিনিটে প্রতিপক্ষের রক্ষণ দেয়াল ভাঙেন বেনাটিয়া। পরে ৬১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডগলাস কস্তা।
ম্যাচের ৬৪ মিনিটে তৃতীয় গোলটি আনেন বেনাটিয়া। আর ৭৬ মিনিটে নিকোলা কালিনিচ আত্মঘাতী গোলে করে বসলে বড় জয়েই শিরোপার হাসিতে মাতে জুভরা।







