নাঈম হাসানের ঝুলিয়ে দেয়া বলে এগিয়ে সোজা উড়িয়ে মারেন ড্যারেন মিচেল। লং অন থেকে বাঁ-দিকে অনেকটা পথ দৌড়ে ঝাপিয়ে পড়ে বল তালবন্দী করেন মেহেদী হাসান মিরাজ। দুর্দান্ত ক্যাচে বাংলাদেশ পায় বেক থ্রু। ৯৬ রানে নিউজিল্যান্ড হারায় ষষ্ঠ উইকেট।
৫ উইকেটে ৫৫ রান নিয়ে তৃতীয় দিন শুরুর পর স্বচ্ছন্দেই একশর পথে হাঁটছিল কিউইরা। জুটি আরও বড় হওয়ার আগেই সাফল্য পায় স্বাগতিকরা। ১৮ রান করে ফেরেন মিচেল।
প্রথম ইনিংসে বাংলাদেশ করে ১৭২ রান। অল্পরানেই লিডের আশায় দ্রুত উইকেট ফেলার চেষ্টায় নাজমুল হোসেন শান্তর দল।
মিরপুরে বৃষ্টি থামার পর মাঠ শুকাতে খুব বেশি সময় লাগেনি। দুপুর ১২টায় শুরু হয় তৃতীয় দিনের খেলা। বৃষ্টিতে আগের দিনের তিনটি সেশন ও শুক্রবার দিনের প্রথম সেশনের খেলা হয়নি।
আগের দিন ১ বলও মাঠে গড়াতে দেয়নি বেরসিক বৃষ্টি। রাতভর বৃষ্টির পর পুরোপুরি থামে সকাল ৯টার দিকে। এরপর মাঠ শুকিয়ে খেলা শুরু করতে লাগে ৩ ঘণ্টা।
মিরপুর টেস্টে খেলা হয়েছে কেবল প্রথম দিন। তাও পুরোপুুরি হয়নি। আলোর স্বল্পতায় ১৫ মিনিট আগেই শেষ হয় বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা।
বাংলাদেশের ক্রিকেটাররা মাঠ ছাড়েন হাসিমুখে। ৫৫ রানে নিউজিল্যান্ডের ৫ উইকেট তুলে নিয়ে।
স্বাগতিকদের ১৭২ রানের সংগ্রহটা খুব ছোট মনে হয়নি দিনশেষে। মিরপুর টেস্টে প্রথমদিনেই পড়েছে ১৫ উইকেট। পুরো সময় খেলা হলে সেটি আরও বাড়তে পারত। তারপরও স্বস্তি নিয়ে মাঠ ছাড়তে পেরেছে বাংলাদেশ। কিউইরা ১১৭ রানে পিছিয়ে আছে, হাতে ৫ উইকেট।
মেহেদী হাসান মিরাজ ৩টি ও তাইজুল ইসলাম নিয়েছেন ২টি উইকেট। প্রথমদিনে বল হাতে তোলেননি আরেক স্পিনার নাঈম হাসান। অল্প রান করেও প্রথম ইনিংসে লিডের আশা জাগিয়েছে বাংলাদেশ।
মিরপুরের উইকেট যেমন আচরণ করছে, চতুর্থ ইনিংসে ব্যাট করা হবে সবচেয়ে কঠিন। সেটি করতে হবে কিউইদের।
তার আগে বাংলাদেশ যদি প্রথম ইনিংসে কিছু রানে এগিয়ে থাকতে পারে, হবে বড় সুবিধার। সিলেটে নিউজিল্যান্ডকে ১৫০ রানে হারানোর পর সিরিজ জয়ের মিশনে থাকা বাংলাদেশ মিরপুর টেস্টে তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে।







