চতুর্থ দিন সকালের শুরুটা ছিল টাইগারদের। দিনের দ্বিতীয় ওভারে থারাঙ্গাকে (২৬) বোল্ড করে দারুণ সূচনা এনে দিয়েছিলেন মিরাজ। ফিল্ডিংয়ে তখন চনমনে সাকিব-মুশফিকরা। কিন্তু দিমুথ করুনারত্নের প্রতিরোধে মধ্যাহ্ন বিরতির আগে আর সাফল্যের দেখা মিলল না। লঙ্কান উদ্বোধনীর অর্ধশতকে লিড পেয়েছে স্বাগতিকরা। প্রথম সেশন শেষে বাংলাদেশের চেয়ে ৮ রানে এগিয়ে হেরাথ বাহিনী। হাতে ৯ উইকেট।
কোনো উইকেট না হারিয়ে ৫৪ রানে শনিবারের খেলা শুরু করেছিল শ্রীলঙ্কা। তাতে মাত্র তিনটি রান যোগ হতেই উইকেট হারায় তারা। অফস্পিনার মেহেদী হাসান মিরাজ নিজের প্রথম বলে থারাঙ্গাকে ফেরান।
করুনারত্নের প্রতিরোধ সঙ্গী কুশল মেন্ডিস। দুজনে দেখেশুনেই খেলছেন। অবিচ্ছিন্ন ৮০ রানের জুটি গড়েছেন। করুনারত্নে ৬৭ ও মেন্ডিস ৩৬ রানে দিনের দ্বিতীয় সেশন শুরু করবেন।
এর আগে সাকিরের সেঞ্চুরি ও মুশফিক-মোসাদ্দেকের অর্ধশতরানে প্রথম ইনিংসে ৪৬৭ রান করে বাংলাদেশ। শ্রীলঙ্কা প্রথম ইনিংসে সংগ্রহ করে ৩৩৮ রান। বাংলাদেশ ১২৯ রানের লিড পেয়েছিল।







