থাকতে হলে জিততে হবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি এমন সমীকরণ নিয়ে অপেক্ষা করছে। সেটা দুই দলের জন্যই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটির সদস্য হাবিবুল বাশার আইসিসির ওয়েবসাইটে লেখা এক কলামে বলছেন, অজিদের বিপক্ষে মিরাজকে একাদশে দেখতে চান তিনি।
‘আমি মিরাজকে একাদশে দেখতে চাই। এমনকি ১৯ বছর বয়সী তরুণ অফস্পিনারকে দিয়ে নতুন বলে শুরু করতে পারেন মাশরাফি। অনেক হার্ডহিটার ব্যাটসম্যান আছেন, যারা শুরুতে স্পিন বলে আক্রমণ করতে চান না। সুতারং মিরাজকে দিয়ে শুরু করানো খারাপ পরিকল্পনা হবে না। এবং বল পুরনো হলেও সে ভাল করবে। অল্প দিনের আন্তর্জাতিক ক্যারিয়ারে সে এটা বুঝিয়েছে।’
বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে আট ব্যাটসম্যান নিয়ে মাঠে নামে। পেসার ছিলেন তিনজন। স্পিনার বলতে সাকিব একা। মাশরাফি বাকি কাজ চালান সৌম্য, মোসাদ্দেককে দিয়ে। সেই হিসেবে একজন বোলার কম ছিল।
বাশার বলছেন, সামনের ম্যাচে মিরাজের পরিবর্তে একজন পেসার বেশি নিলেও খারাপ হয় না।
অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ম্যাচে বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি করেছে। তারাও চাইবে বাংলাদেশের বিপক্ষে জিততে। বাশার মনে করছেন, অস্ট্রেলিয়া যতই শক্তিশালী হোক না কেন বাংলাদেশেরও সুযোগ আছে।







