রাজধানীর মিরপুরের জার্মান টেকনিক্যালের সামনে থেকে শুক্রবার দুপুর একটার দিকে মুক্তিযুদ্ধ নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাতা ইমন শিকদারের ক্যামেরার ব্যাগ ছিনতাই হয়। ব্যাগে ছয়মাস আগে কেনা ক্যানন ৬-ডি ক্যামেরা, ২৪-১০৫ লেন্স, জুম এইচ-৫ রেকর্ডার ও একটি সনি পাওয়ার শট ক্যামেরা ছিল।
চ্যানেল আই অনলাইনকে ইমন শিকদার, ‘মিরপুরের মুক্তিযুদ্ধের উপর একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করছি। সকালে মিরপুর লোহার ব্রিজ এলাকায় শুটিং শেষে বেড়িবাঁধ হয়ে মিরপুর-১ দিয়ে মিরপুর-১০ যাচ্ছিলাম। আমাদের বহনকারী রিকশা মিরপুর জার্মান টেকনিক্যাল এলাকায় স্পিডবেকারের সামনে আসতেই লাল-সাদা কালারের একটি বাইক এসে ক্যামেরার ব্যাগ নিয়ে চোখের পলকে পালিয়ে যায়।’
ক্যামেরায় সারাদিনের শুটিং করা ফুটেজ ছিল, যা খুবই মূল্যবান। বাইকে হেলমেট পরা দুইজন যাত্রী ছিল। বাইকের নাম্বার প্লেটের জায়গায় কাগজ দিয়ে নাম্বার লেখা ছিল বলে তিনি জানান।
এ বিষয়ে থানায় জিডি করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা মেহেদী হাসান মৌসুম বলেন, ‘আমি সোর্সদের মাধ্যমে খোঁজ নিচ্ছি। আমিও দুপুর থেকে চেষ্টা করছি ক্যামেরা উদ্ধারের। পর্যালোচনা করে যা মনে হচ্ছে, ছিনতাইকারীরা কাফরুলের দিকে চলে গেছে। আমরা চেষ্টা করছি ছিনতাইকারীদের গ্রেফতার ও ক্যামেরা উদ্ধারের জন্য।’
মিরপুর-১০ থেকে মিরপুর-১ এর মাঝামাঝি এই এলাকায় প্রায়ই ছিনতাই হয় বলে জানান এলাকাবাসী।









