এবার হজ পালনের জন্য অন্তত ২০ লাখ ধর্মপ্রাণ মুসলিম মক্কা নগরীতে জমায়েত হয়েছে। তাদের মধ্যে স্বল্প সংখ্যক হাজীকে বিনামূল্যে অত্যাধুনিক শোয়ার ব্যবস্থা করা হয়েছে।
জাপানের ক্যাপসুল হোটেলের মত সৌদির পশ্চিমের শহর মিনায় স্লিপ পড বা ন্যাপ পড স্থাপন করা হয়েছে।
আসলে এই ন্যাপ পড হলো ছোট ও সরু কিন্তু আরামদায়ক কক্ষ। প্রতিটি পডের মধ্য তোশক, পরিচ্ছন্ন চাদর, এয়ার কন্ডিশনিং ও বড় একটি আয়না আছে। জায়গা বাঁচাতে পডটি আড়াআড়ি বা সোজাসুজিভাবে সেট করা হয়েছে।
সৌদি দাতব্য সংস্থা দ্য হাজি অ্যান্ড মুতারেম গিফট চ্যারিট্যাবল অ্যাসোসিয়েশন হাজীদের বিশ্রামের জন্য এরকম ১৮-২৪টি আরাম কক্ষের ব্যবস্থা করেছে।
যে হাজীরা হোটেলে জায়গা পাননি বা হোটেলে থাকার সামর্থ নেই কিন্তু স্বাস্থ্যগত কারণে হজের আনুষ্ঠানিকতা পালনের ফাঁকে যাদের বিশ্রাম দরকার তাদের জন্য ন্যাপ পড নামের এই বিকল্প সমাধান। একই সঙ্গে সৌদি সরকার হজ পালনকারীদের সুবিধার্থে তাৎক্ষণিক অনুবাদ এবং জরুরি চিকিৎসাসেবা দেয়ার জন্য নতুন একটি অ্যাপ চালু করেছে।








