প্রয়াত কবি এবং লেখক মাহবুবুল হক শাকিলকে নানাভাবে শ্রদ্ধা জানাচ্ছেন মানুষ। কবিরা তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন কবিতায়। শাকিলের গুণমুগ্ধ কবি আশরাফ সিদ্দিকী বিটু তাকে নিবেদন করে লিখেছেন: ব্রহ্মপুত্রের অভিমানী কবি। বিটু নিজেও ব্রহ্মপুত্র পাড়ের মানুষ।
ব্রহ্মপুত্রের অভিমানী কবি
আশরাফ সিদ্দিকী বিটু
চারপাশে প্রচন্ড ভীড়, গাড়ির হর্ণ, প্রেমিকার হাত ধরে আছে প্রেমিক, ট্র্যাফিকে আটকে থাকে প্রেমের শরীর, প্রত্যাশিত কর্ম, নিত্যদিনের চলাচল।
একটা সাদা রঙের বুনো ফুল বিষণ্ন বুক নিয়ে ঝরে পড়ল।
বলেছিল- চলে গেলে বেশী আফসোসের ছায়া পড়বে বারান্দায়, গলির পথে, চেনা কামরায়, টেবিলে…চাঁদ কেন এত নীরব, রাখেনি ক্রন্দনের চিহ্ন,
ব্রহ্মপুত্রের শীর্ণ দীর্ঘ শরীর ঘিরে ধরেছে অভিমানী কুয়াশা।
শহরের অলিগলি, দোকানপাট, মাথাউঁচু করে দাড়িয়েঁ থাকা বয়স্ক বৃক্ষ,
আগের মতোই চোখমুখ জাপটে ধরে আছে ধূলো, যতো যাবে ততো মেখে থাকবে গভীর লোমকূপ অবধি!চোখের পানিতে স্মৃতিগুলো বাষ্প হয়ে ফিরে যাচ্ছে চক্রাকারে, আবার ফিরবে ঠিকই।
সমস্ত অভিমান, হিসেবের অঙ্ক, আত্মজনের হাহাকার ছাপিয়ে প্রেমের প্রতিরুপ একা শুয়ে আছে – ভালবাসা আর বিরহ ছাড়া কোন সঞ্চয় ছিল না যার!ফুল ফুটবে, প্রেমিক প্রেমিকা মিলবে, নতুন গানে মাতবে সন্ধ্যা, আলোর মাঝে হারাবে বিরহ, লেগে থাকবে গন্ধ, দীর্ঘ স্পর্শের!
বারবার ফিরে আসবে মধ্যরাতের আত্মহারা কান্না, অভাজনের(!)ভরাট কন্ঠ সচেতনের সীমার বাইরে!
আর ডাকবে না আড্ডায়, শক্ত করে জড়িয়ে বলবে না ভালোবাসি, ফিরবে না কাঁদতে ও কাঁদাতে!









