ইংরেজী দৈনিক ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনামের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে মানহানি মামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সম্পাদক পরিষদ।
আজ বুধবার ঢাকা ক্লাবে অনুষ্ঠিত সম্পাদক পরিষদের এক সভায় গৃহীত প্রস্তাবে এ নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলা হয়, ‘এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। আমরা আশা করি, মাহ্ফুজ আনামের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহার করা হবে এবং এ ব্যাপারে সকল মহলের শুভবুদ্ধির উদয় হবে।’
১৪ জন সম্পাদকের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই সভায় মাহ্ফুজ আনামের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে ৬৬টি মামলায় ৮২ হাজার ৬৪৬ কোটি ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সম্পাদক পরিষদের সভাপতি ও সমকাল সম্পাদক গোলাম সারওয়ার। এছাড়াও দ্য ডেইলি স্টার সম্পাদক ও সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক মাহফুজ আনাম, নিউজ টুডে সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক মোয়াজ্জেম হোসেন, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দৈনিক ইনডিপেডেন্ট সম্পাদক এম শামসুর রহমান, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নাঈম নিজাম, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, নিউ এজ সম্পাদক নুরুল কবির, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, ইনকিলাব সম্পাদক এম এম বাহাউদ্দিন, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত এবং ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান সভায় উপস্থিত ছিলেন।






