দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ২০০তম ওয়ানডে খেলতে নেমেছেন মাশরাফী বিন মোর্ত্তজা। সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোভম্যান পাওয়েল।
মাশরাফী ২০০ ওয়ানডের মধ্যে বাংলাদেশের জার্সিতে খেলেছেন ১৯৮টি, আর এশিয়া একাদশের হয়ে দুটি। মিরপুরে অধিনায়কের মাইলফলকের ম্যাচে তিন পেসার নিয়ে নেমেছে টাইগাররা। ঘূর্ণি সামলাবেন তিন স্পিন-অলরাউন্ডার সাকিব, মিরাজ ও মাহমুদউল্লাহ।
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ছিটকে যাওয়া তামিম ইকবাল চোট কাটিয়ে প্রথমবার খেলতে নেমেছেন ওয়ানডেতে। একই টুর্নামেন্টের ফাইনালের আগের চোটে ছিটকে যাওয়া সাকিব আল হাসান ফিরে উইন্ডিজের বিপক্ষেই টেস্ট খেলেছেন, এবার নামলেন ওয়ানডেতেও।
গত অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা সবশেষ ওয়ানডে ম্যাচের দলে পাঁচটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ফিরেছেন সাকিব, তামিম, মোস্তাফিজ, মিরাজ ও রুবেল হোসেন। বাদ পড়েছেন মিঠুন, নাজমুল ইসলাম, সাইফউদ্দিন, আবু হায়দার ও আরিফুল হক।
জিম্বাবুয়ে সিরিজের শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করা সৌম্য সরকার টিকে গেছেন একাদশে। সেরা একাদশে আছেন জিম্বাবুয়ে সিরিজেই দুই সেঞ্চুরি করা ওপেনার ইমরুল কায়েস। একাদশে জায়গা হয়েছে ফর্মে থাকা আরেক ওপেনার লিটন কুমার দাসেরও।
বাংলাদেশ একাদশ
মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক),তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।









