পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের আসল টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে বুধবার। ঐতিহাসিক ইডেন গার্ডেনে ২৬ বছর পর ক্রিকেট লড়াইয়ে নামবে লাল-সবুজের দল। পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচে আবারও দলে ফিরতে পারেন বোলিং বিস্ময় মুস্তাফিজুর রহমান।
ম্যাচের আগে অধিনায়ক মাশরাফি জানিয়েছেন, লড়াইয়ে কেউই ফেবারিট নয়, সুযোগ থাকবে দুই দলেরই।
ইডেন গার্ডেনে ২৬ বছর পর ক্রিকেট লড়াইয়ে বাংলাদেশ। টি-টুয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব, তাই উত্তেজনাটাও ধর্মশালার চেয়ে একটু বেশি। শেষ বিকেলে বাংলাদেশ এবং পাকিস্তান দুই প্রতিদ্বন্দ্বি দেশের পতাকা নিয়ে মূল ভেন্যুতেই চললো মহড়া। সবকিছুই যেন হয় ঠিকঠাক হয় তাই আয়োজকরা সিরিয়াস।
বাংলাদেশের দ্বিতীয় অধিনায়ক হিসেবে ইডেনে টস করতে নামবেন মাশরাফি মর্তুজা। মিনহাজুল আবেদিন নান্নুর পর ম্যাশ, মাঝখানে কেটে গেছে আড়াই দশক। বাংলাদেশও আর নেই সেই ৯০ সালে। টাইগাররা যে এখন ক্রিকেটটা খেলছে পরাশক্তিগুলোর সমানে সমানে। ক্যাপ্টেন তাই বলতে চান না কে ফেবারিট।
মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘টি-টুয়েন্টিতে ফেবারিট বলে কিছু নেই। ইতিহাসই বলছে পাকিস্তান অনেক ভালো দল। টি-টুয়েন্টি সংস্করণটাও তারা খুব ভালো বোঝে।’
পাকিস্তানের বিপক্ষে ম্যাচে মুস্তাফিজকে দলে রাখতে জোড় চেষ্টা টাইগার ম্যানেজমেন্টের। ইডেনের নেটে পুরোদমেই বোলিং করেছেন বাঁ-হাতি পেসার।
মুস্তাফিজকে দেখেতো ফিটই মনে হচ্ছিলো সবার, আর মুস্তাফিজে ফেরা মানে আরও ধারালো বাংলাদেশের পেস ডিপার্টমেন্ট। তবে নিজেদের ক্রিকেটেই মনোযোগ রাখছে পাকিস্তান। ভুলে যেতে চাইছে এশিয়া কাপের স্মৃতি।
লড়াই যে হবেই সেটা জানে প্রতিপক্ষও। প্রিভিউ কনফারেন্সে কথা বলেছেন ওয়াকার ইউনিস। তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দল অনেক উন্নতি করেছে। দল হিসেবে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। সব ম্যাচেই ভালো করছে তারা। তবে বিশ্বকাপ হবে ভিন্ন কন্ডিশনে। এখানে আমরাও চেষ্টা করব ভালো খেলতে।’






