রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আইনের আওতায় ২ শতাধিক রুশ নাগরিকের যে তালিকা প্রকাশ হয়েছে তাতে পুরো রাশিয়ার জনগণকেই টার্গেট করা হয়েছে।
এ পদক্ষেপকে ‘অবন্ধুসুলভ’ মন্তব্য করে তিনি সতর্ক করেছেন, এর ফলে দু’দেশের সম্পর্কের জটিলতা আরও বাড়বে।
২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে রাশিয়া হস্তক্ষেপ করেছে এবং নির্বাচন প্রভাবিত করেছে – এমন অভিযোগে গত বছরের আগস্টে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইন পাস করে মার্কিন কংগ্রেস। শতাধিক রুশ সরকারি কর্মকর্তা এবং ৯৬ জন ধনাঢ্য ব্যবসায়ীকে ওই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়।
নিষেধাজ্ঞার প্রেক্ষিতে সোমবার ওই ২১০ রুশ নাগরিকের একটি তালিকা প্রকাশ করে যুক্তরাষ্ট্র।
তবে মার্কিন অর্থ মন্ত্রণালয় বলছে, এটি নিষেধাজ্ঞা আরোপের তালিকা নয় এবং নতুন নিষেধাজ্ঞা আইনের সাথে এর কোনো সম্পর্ক নেই। এখনই রাশিয়ার ওপর বাড়তি নিষেধাজ্ঞা আরোপ করা হবে না বলেও জানিয়েছে মার্কিন প্রশাসন।








