মামুনের ‘বার্ড সেফ হাউজ’

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার আগনুকালী গ্রামের একদল যুবক নিজেদের গ্রামকে
পাখির অভয়স্থান হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। সরকারী-বেসরকারী
সহযোগীতা ছাড়া নিজেদের উদ্যোগেই সফলতার দিকে এগিয়ে যাচ্ছে তারা।
প্রকৃতির অপরূপ শোভা পাখি। পাশাপাশি পাখিই ভারসাম্য রক্ষা করে প্রকৃতির। এক সময় এলাকার মানুষের ঘুম ভাঙ্গত পাখির কিচির মিচির শব্দে। নানা কারণে পাখির সেই কলরব হারাতে বসেছে। তাই হারানো পাখি ফিরিয়ে আনতে মামুন নামের প্রকৃতি প্রেমিক এক যুবক উদ্দ্যোগ নেয় গ্রামে পাখির অভয় আশ্রম গড়ে তোলার। নাম দেয়া হয় দি বার্ড সেফ হাউজ।
এই হাউজের সদস্যরা এ পর্যন্ত গাছে ৮ শতাধিক মাটির হাড়ি লাগিয়েছেন। চলছে চড়ুই পাখি আর অন্য পাখির বাসস্থান করার জন্য নতুন পরিকল্পনা। ইতোমধ্যেই পেঁচা, শালিক বাসা বেধেছে তাদের দেয়া কলসিতে।
মামুন বিশ্বাস বলেন, আমরা বিভিন্ন স্কুলে ক্যাম্পেইন করে ছাত্র-ছাত্রীদের বোঝাতে চেষ্টা করি যাতে করে পাখি বাঁচে। পাখি বাঁচলে পরিবেশ বাঁচবে, আর পরিবোশ বাঁচলে আমরা বাঁচবো।
প্রথম দিকে এ কাজকে অনেকেই পাগলামী মনে করলেও পরে এগিয়ে আসে গ্রামের বেশ কিছু যুবক। সহযোগীতায় হাত বাড়িয়ে দেয় এলাকাবাসীও। এমন মহৎ কাজের প্রতি সমর্থন দিয়েছে স্থানীয় জন প্রতিনিধিরা। গ্রামে বন্ধ করে দিয়েছে পাখি শিকার।
শাহজাদপুরের বেলতলি ইউপি মেম্বর সলিম উদ্দিন বলেন, বাইরের কোনো লোক আমাদের গ্রামে এসে যে পাখি শিকার করবে এই ধরনের সুযোগ আমরা দেই না। আমরা এটাও বলে দেই যে, এইখানে যেন কোনো পাখি শিকার করা না হয়।
এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় প্রাণি সম্পদ কর্মকর্তা। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল হাই বলেন, সার্বিকভাবে খুব নাজুক অবস্থার ভেতর দিয়ে চলছে। কারণ আমাদের কোনো উন্নয়নমূলক কোনো কর্মকাণ্ড নাই। খামারিদের কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নাই। আমরা শুধু তাদের চিকিৎসা সংক্রান্ত সেবা দিয়েছি।
স্থানীয়রা মনে করেন সরকারী-বেসরকারী সাহায্য পেলে যুবকদের এ উদ্যোগ আরো বড় করে কীটনাশকমুক্ত ফসল উৎপাদনে সহায়তা করবে। আর আগামী শীত মৌসুমে এই গ্রামে পাখির আনাগোনা আরো বাড়বে।



