তেজগাঁও থানার কাছে উড়াল সেতুর ওপর ড্রাইভারকে গুলি করে প্রাইভেট কার ছিনতাইয়েরে ঘটনায় মামলা এড়াতে দুই থানার ঠেলাঠেলি চলেছে। নিজেদের থানার সীমানায় ঘটনা ঘটেনি দাবি করে একে অন্যর দিকে দায় চাপাতে চাইছে দুই থানার পুলিশ। এতে বিপাকে পড়েছেন ক্ষতিগ্রস্থরা।
বুধবার ভোরে ওই ছিনতাইয়ের ঘটনাস্থলে পাহারার দায়িত্ব ছিলো তেজগাঁও থানা পুলিশের। কাগজপত্রে যে সাব ইন্সপেক্টরের ৪ জনের দল নিয়ে সেখানে দায়িত্ব পালন করার কথা, ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকায় টহল দিতে পারেননি তিনি।
মামলা নিলে ওই সাব ইন্সপেক্টর কৈফিয়তের মুখে পড়বেন তাই মামলা হবে না জানিয়ে অন্য থানায় যেতে বলেন তেজগাঁও থানার ওসি।
গাড়ী ছিনতাইয়ের এ জড়ানোর ভয় দেখিয়ে প্রত্যক্ষদর্শী ড্রাইভারকে ম্যানেজ করার পর অজুহাত দেওয়া হয়, ছিনতাইকারীরা যেহেতু ওই প্রাইভেট কারটি শিল্পাঞ্চল থানা এলাকা থেকে অনুসরণ করেছে; সেহেতু মামলা হবে শিল্পাঞ্চল থানায়। পরে ঊর্ধতন কর্মকর্তাদের নির্দেশে মামলা নেয় শিল্পাঞ্চল থানা।
পুলিশী হয়রানীর ভয়ে অন্য প্রাইভেট হাসপাতালে ভর্তি হন গুলিবিদ্ধ ড্রাইভার।
তেজগাঁও থানার ওসি ইন্সপেক্টর মাজহারুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে বলেন, মামলা এক জায়গায় হলেই হয়। কোনো অসুবিধা নেই। তবে ঘটনাস্থল ভুল থাকলে আদালতে আসামি সুবিধা নেবে কি না, এমন প্রশ্নে কোনো মন্তব্য করেননি তিনি।
শিল্পঞ্চল থানার ওসি মিজানুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, ঘটনাস্থল পাশের থানায় হলেও মামলা নিতে কোনো সমস্যা নেই। আমরা হাসপাতালে গিয়ে বাদীর সঙ্গে যোগাযোগ করে মামলা নিয়েছি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন কর্মকর্তা বলেন, মামলা যেখানেই হোক গাড়ী উদ্ধার এবং ছিনতাইকারীদের ধরতে ইতোমধ্যেই কাজ শুরু করেছে ডিবি। মামলাটির তদন্তও করবে সম্ভবত ডিবি।






