মারামারির ঘটনায় দুদিন আগেই অভিযুক্ত হওয়া ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস খেলার অনুমতি পেয়েছেন। তার বিরুদ্ধে মামলা চললেও বুধবার ইংলিশ ‘ব্যাড বয়’কে দলের হয়ে খেলার অনুমতি দেয় ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের পর আসন্ন টি-টুয়েন্টি সিরিজেই মাঠে ফিরতে পারেন তিনি।
ব্রিটেনের ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের পরামর্শ অনুযায়ী এভন ও সমারসেট পুলিশ স্টোকসকে খেলতে দিতে রাজি হয়েছে বলে জানিয়েছে বোর্ড।
গত সোমবার ব্রিস্টল পুলিশ স্টোকসের সঙ্গে রায়ান আলী ও রায়ান হেল নামের আরও দুজনকে অভিযুক্ত করে।
বিবৃতিতে ইংলিশ বোর্ড জানায়, ‘সময়ের বিবেচনায় বিচার চলাকালীন স্টোকসকে দলের বাইরে রাখা ন্যায্য ও যুক্তিসঙ্গত হবে না।’
ঘটনার পর ইসিবি বলেছিল, মামলার সুরাহা না হলে এ অলরাউন্ডারকে দলে নেয়া হবে না। সেই সিদ্ধান্ত অনুযায়ী টেস্ট আর ওয়ানডেতে তাকে বাইরেই রাখা হয়। কিন্তু এখন তাদের সিদ্ধান্ত বদলেছে। বোর্ড জানিয়েছে, ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে খেলতে পারবেন স্টোকস।
ইসিবি বলেছে, ‘বোর্ডে আলাপ আলোচনায় সবকিছু বিবেচনায় আনা হয়েছে। এরপর ইসিবি বেন স্টোকসকে দলে বিবেচনার বিষয়টিতে সম্মত হয়েছে।’
গত সেপ্টেম্বরে একটি নাইটক্লাবে মারামারিতে জড়িয়ে দল থেকে নিষিদ্ধ হন স্টোকস। ওই ঘটনার কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি ওয়ানডে ম্যাচ ছাড়াও অস্ট্রেলিয়ার বিপক্ষে পুরো অ্যাশেজ সিরিজ মিস করেন তিনি। পুলিশি তদন্তের পর তাকে অভিযুক্ত করা হয়। মারামারিতে তার সঙ্গী অ্যালেক্স হেলস ওয়ানডে সিরিজে খেললেও নির্বাসিত ছিলেন স্টোকস। তবে আসন্ন নিউজিল্যান্ড সফরের দলে রাখা হয়েছে স্টোকসকে।








