‘৩৭’ যে শুধুই একটি সংখ্যা— সেটার ভুরিভুরি প্রমাণ দিয়ে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফিটনেস, গতি আর ফর্মে মৌসুমজুড়ে দেখাচ্ছেন চেনারূপ। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে দেশ ও ক্লাবের হয়ে করে ফেলেছেন ৩০ গোল। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক সতীর্থ দিমিতার বার্বাতোভের তাই বিশ্বাস, আরও কয়েকবছর মাঠ কাঁপাবেন সিআর সেভেন।
বুলগেরিয়ান সাবেক স্ট্রাইকারের মতে, বয়স হিসেব করে খেলোয়াড়দের বিচার করার যে চিন্তা মানুষের আছে, সেটা ভুল প্রমাণ করছেন পর্তুগিজ মহাতারকা। বিশেষ করে ইউনাইটেড স্ট্রাইকারের গোল করার ক্ষমতায় মুগ্ধ প্রশংসা করেছেন বার্বাতোভ।
‘৩৭ বছর বয়সেও প্রিমিয়ার লিগে যে গোল করা যায়, সেটা প্রমাণ করেছেন রোনালদো। মানুষকে ভুল প্রমাণ করতে পছন্দ করেন তিনি। আমি নিশ্চিত তিনি গোল করা চালিয়ে যেতে চাইবেন এবং আরও কয়েকবছর খেলা চালিয়ে যাবেন।’
বুলগেরিয়ার সাবেক অধিনায়কের মতে, রোনালদো হচ্ছেন ফুটবলের আসল গ্রেট। বলেছেন, ‘যেদিন রোনালদো খেলা বন্ধ করে দেবেন, সেদিন ফুটবলের সবচেয়ে দুঃখের দিন হবে। কেননা, তিনি সত্যিকার গ্রেটদের মধ্যে অন্যতম।’
জুভেন্টাস ছেড়ে পুরনো ডেরা ইউনাইটেডে ফিরে নিজে সফল হলেও দল পুরোপুরি ব্যর্থ। শিরোপাশূন্য মৌসুমে প্রিমিয়ার লিগ টেবিলের চারেও থাকতে পারছে না রেড ডেভিলরা। আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ নেই।
তবে ৩৭ বর্ষী রোনালদো রয়েছেন দুর্দান্ত ফর্মে। প্রিমিয়ার লিগে জালের দেখা পাওয়াদের তালিকায় আছেন তিনে। সবার উপরে ২২ গোল নিয়ে লিভারপুলের মোহাম্মেদ সালাহ ও দুইয়ে টটেনহ্যামের কোরিয়ান স্ট্রাইকার সন হিউং-মিন (১৯ গোল)। সিআর সেভেনের থেকে এসেছে ১৮ গোল। মৌসুমে ৩০ গোলের ২৪টি ক্লাবের হয়ে এবং বাকি ছয়টি পর্তুগালের জার্সিতে করেছেন তিনি।







