প্যারিসের সংবাদ মাধ্যমগুলোতে বেশকিছুদিন ধরেই গুঞ্জন, স্পেনে ফিরতে আকুল নেইমার। স্পেন মানে সাবেক ক্লাব বার্সেলোনা নয়, পিএসজি তারকা এবার মন দিয়ে বসেছেন বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে!
এমন গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছে এল চিরিংগুইতা। স্প্যানিশ সংবাদ মাধ্যমটির সাংবাদিক বোর্হা মাজারোর দাবি, মাদ্রিদে থাকার জন্য বাড়িও খোঁজা শুরু করেছেন বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার।
বোর্হার দাবি, আগামী জুনে রিয়ালের সঙ্গে সম্ভাব্য চুক্তির কথা মাথায় রেখেই ব্রাজিল তারকার বাবা সিনিয়র নেইমার মাদ্রিদে একটি বাড়ি কিনতে রাজি হয়েছেন, ‘জুনে সম্ভাব্য দলবদলের কথা চিন্তা করেই নেইমারের বাবা মাদ্রিদে একটি বাড়ি পছন্দ করতে এসেছেন।’
যদিও বোর্হার এমন দাবি তুলেছে সমালোচনার ঝড়ও। টুইটারে এই সাংবাদিককে ধুয়ে দিয়েছেন নেইমার ও পিএসজি ভক্তরা। কারও কারও দাবি ভিত্তিহীন খবর দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে পাঠকদের।
‘এই বাসা ল্যাম্পার্ডের জন্যও ঠিক করা হয়েছিল, কিন্তু সে মাদ্রিদে খেলেনি। ফালতু খবর!’ -টুইটারে এক নেইমার ভক্ত লিখেছেন এমনভাবেই।
আরেকজন দুষ্টুমি করে লিখেছেন, ‘আমি গত সেপ্টেম্বরেও বার্সেলোনায় গিয়ে বাসা খুঁজে এসেছি। কই, আমি তো বার্সেলোনা, এস্পানিওল কিংবা জিরোনায় খেলছি না।’
আরেক ভক্ত তুলে ধরেছেন আসল সত্যটাই, ‘নাসের আল খেলাফি (পিএসজি সভাপতি) কখনোই তার সেরা খেলোয়াড়কে ছেড়ে দেবেন না, বিশেষ করে যার দাম ২২২ মিলিয়ন ইউরো!’







