মাদারীপুরের কালকিনির পূর্ব এনায়েত নগরে শত্রুতার জের ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষ শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
শনিবার ভোরে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী, ভুক্তভোগী পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার কালাই সরদারের চর গ্রামের ভুলু খানের ছেলে মিরাজ খানের সস্প্রতি বাম পা কেটে নিয়ে যায় স্থানীয় প্রভাবশালী আপাং কাজীর লোকজন। এ ঘটনায় মিরাজ খানের ভাই কালাম খান বাদী হয়ে কালকিনি থানায় আপাং কাজীসহ ৩৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলার আসামীদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরে থানা পুলিশ মামলার আসামীদের গ্রেপ্তার করার জন্য ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এতে ক্ষিপ্ত হয়ে ওই মামলার বাদীর চাচা একই এলাকার তিতাই খানের ছেলে লিয়াকত খানের দুই পা হাতুরী দিয়ে পিটিয়ে ভেঙ্গে দিয়েছে আসামীরা। পরে স্থানীয় লোকজন আহত কৃষককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। এরই জের ধরে আজ সকালে দু’গ্রুপের লোকজন আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের ঘটনায় আহতদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং কয়েকজনকে ঢাকা ও বরিশালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে কালকিনি থানার ইশতিয়াক আশফাক রাসেল বলেন, পূর্ব এনায়েত নগরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে।








