প্রমাণ হয়েছে, অ্যাটলেটিকো মাদ্রিদে থাকা অবস্থায় অ্যান্টনে গ্রিজম্যানকে দলে টানার জন্য তার সঙ্গে সরাসরি যোগাযোগ করেছিল বার্সেলোনা। সেই অপরাধের দায়ে জায়ান্ট ক্লাবটিকে মাত্র ৩০০ ইউরো জরিমানা করেছে স্প্যানিশ এফএ কম্পিটিশন কমিটি!
বার্সেলোনার জন্য স্বস্তির খবর এখানেই শেষ নয়। ধারণা করা হচ্ছিল, একই অপরাধে এক ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামেও খেলতে হতে পারে ক্লাবটিকে। সেই শাস্তি থেকেও বহাল তবিয়তে পার পেয়ে গেছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা।
অ্যাটলেটিকো মাদ্রিদের দাবী ছিল, চলতি বছরের মে মাসে গ্রিজম্যানের সঙ্গে গোপনে চুক্তি সারে বার্সেলোনা। তখন পর্যন্ত ফরাসি ফরোয়ার্ডের জন্য অ্যাটলেটিকোর বেঁধে দেয়া বাই আউট ক্লজ ছিল ২০০ মিলিয়ন। দুই মাস বাদে গ্রিজম্যানের বাই আউট নেমে দাঁড়ায় ১২০ মিলিয়নে। সেই অর্থ পরিশোধ করেই ২৭ বছর বয়সী ফরোয়ার্ডকে দলে টানে বার্সা।
গোপনে চুক্তি সারায় অ্যাটলেটিকোর অভিযোগ বাড়তি ৮০ মিলিয়ন ইউরো থেকে বঞ্চিত করা হয়েছে তাদের। এজন্য এফএ কমিটির কাছে নালিশ ঠুকে দেয় ক্লাবটি।
তদন্ত শেষে মে মাসে গ্রিজম্যানের সঙ্গে বার্সার চুক্তি স্বাক্ষরের কোনো প্রমাণ পায়নি স্প্যানিশ এফএ। তবে এ সময়টাতে গ্রিজম্যানের সঙ্গে যোগাযোগের দায়ে সংবিধানের ৮৮ ও ১২৬ ধারা অনুযায়ী বার্সাকে অল্প ইউরো জরিমানা করেই ছেড়ে দিচ্ছে অভিযোগ পর্যালোচনাকারী কমিটি। খেলতে হচ্ছে না দর্শকবিহীন ভাবেও!







