চ্যাম্পিয়নশিপের প্লে-অফে গুরুত্বপূর্ণ ম্যাচে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে পেনাল্টি শুট-আউটে নাটকীয়ভাবে ৩-২ ব্যবধানে জয় তুলেছে নটিংহ্যাম। দারুণ জয়ের পর উদযাপনেও ছাড়িয়েছে মাত্রা। ম্যাচ শেষে হাজারো নটিংহ্যাম সমর্থক উদযাপন করতে মাঠে নেমে আসলে রক্তাক্ত হন ক্লাবটির সাবেক ফুটবলার বিলি শার্প। ইতিমধ্যেই যার তদন্তে নেমেছে পুলিশ।
সিটি গ্রাউন্ডে নটিংহ্যাম ফরেস্ট সমর্থকরা শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে দ্বিতীয় লেগে ২-১ এ হার মানতে পারেননি। প্রথম লেগে নটিংহ্যাম ২-১ এ এগিয়ে থাকায় অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচের ভাগ্য। সেখানেও ফলাফল না আসলে শেষ পর্যন্ত টাইব্রেকে ৩-২ ব্যবধানে শেফিল্ডকে হারায় নটিংহ্যাম।
এরপরই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। হাজারো সমর্থকরা জয় উদযাপন করতে মাঠে নেমে আসে। সেসময় কিছু উগ্র সমর্থকদের রোষানলের শিকার হন সাবেক নটিংহ্যাম ফুটবলার বিলি শার্প। ভিড়ের মধ্যে কে তাকে রক্তাক্ত করল তা খুঁজে বের করতে তদন্তে নেমেছে পুলিশ।
নটিংহ্যাম পুলিশের সহকারী প্রধান কনস্টেবল রব গ্রিফিন বলেছেন, ‘অপরাধীকে শনাক্ত করাতে তদন্ত চলছে। যত তাড়াতাড়ি সম্ভব গ্রেফতার করতে চাই। ফুটেজটি দেখেছি, অনেকেই টেলিভিশনে ম্যাচটি দেখেছেন, অপরাধীকে কেউ চিনে থাকলে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে যোগাযোগ করুন। এ ব্যাপারে আমাদের অনুসন্ধান চলমান রয়েছে।’
এমন ঘটনায় হতবাক হয়ে বিবৃতি দিয়ে নটিংহ্যাম বলেছে, ‘এটা জেনে আতঙ্কিত যে আমাদের প্রাক্তন খেলোয়াড়, বিলি শার্প, সিটি গ্রাউন্ডে ম্যাচের পর পিচ ছেড়ে চলে যাওয়ার সময় লাঞ্ছিত হয়েছেন। আমরা ব্যক্তিটিকে শনাক্ত করাতে কর্তৃপক্ষকে সহায়তা করব যাতে তারা তাদের কর্মের জন্য শাস্তি পায়। এমন ঘটনায় ব্যক্তিগতভাবে বিলি এবং শেফিল্ড ইউনাইটেডের কাছেও ক্ষমা চাই আমরা।’








