মাটির ঘরে জীবনের রঙ

মাটির ঘরটি বাংলাদেশের গ্রামীণ জীবনের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও জীবনধারার প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ
মাটির ঘরে রং-তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা নকশার কারিগর চাঁপাইনবাবগঞ্জের টিকোইল গ্রামের নারীরা। ঘরের কাজের ফাঁকে তারা রঙিন করে তুলেছেন গোটা একটি জনপদ।
তেভাগা আন্দোলনের অবিসংবাদিত নেত্রী ইলা মিত্রের স্মৃতিবিজড়িত জেলার নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের একটি গ্রাম টিকইল গ্রাম। ঐতিহ্যগতভাবেই এখানে ৯০ ভাগ বাড়িতে টিকে আছে মাটির ঘর।
অন্য যেকোনো গ্রাম থেকে ভিন্ন এই যে, প্রতিটি মাটির ঘরের দেয়ালগুলো অসাধারণ আল্পনায় চিত্রিত। ফুল, লতা-পাতা, গাছ, নদী, নৌকা, পাখি, আকাশ, মানুষ – কী নেই তাদের আলপনার উপাদানে। বংশ পরম্পরায় বাড়ির দেয়ালে আল্পনা আঁকার এই ঐতিহ্য টিকিয়ে রেখেছেন ওই গ্রামের নারীরা।
আলপনা আঁকতে আগে ব্যবহার হতো স্থানীয় লাল মাটি, খড়িমাটি, চালের গুড়ো থেকে বানানো সাদা রং। তবে এখন ব্যবহার হয় রাসায়নিক রং। খরচও হয় অনেক।








