মাজারের সেট তৈরি করে শুটিং হয়েছে অনেক। কিন্তু এবার একটি মাজারের এলাকায় শুটিং করা হলো। ‘মাটির মানুষ’ শিরোনামে রাফাতের গাওয়া নতুন গানের মিউজিক ভিডিও তৈরি হচ্ছে। এর শুটিং হয়েছে পুরোনো ঢাকার ঐতিহাসিক ‘দরবারে মাস্তান শরীফ- দয়াল বাবা সৈয়দ হযরত হাফেজ মো. আব্দুর রশিদ মাস্তান (রঃ)’–এর মাজার শরীফে।
‘মাটির মানুষরে তোরা, করিস না রে বাহানা/ তোরা আল্লাহ চেন, ও তোরা খোদা চেন’— এমন কথার গানটি লিখেছেন আদিল। সুর ও সংগীত পরিচালনা করেছেন রাফাত নিজেই।
রাফাত বলেন, ‘গানটি পুরোপুরি আধ্যাত্বিক ঘরনার। গানটিতে মানুষকে সুন্দরের পথে আসার জন্য আহ্বান করা হয়েছে। আর ভিডিও নির্মাণেও দেখানো হয়েছে নানা চমক।’
ধ্রুব মিউজিক স্টেশনের ব্যনারে গানটির ভিডিও নির্মাণ করছে মোশন রক এন্টারটেইনমেন্ট। ২৩ মার্চ থেকে মিউজিক ভিডিওটি দেখা যাবে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে।








