বরগুনার ফকিরহাটের মাছের আড়তের একটি দোকানে অভিযান পরিচালনা করে ২০ লাখ পিস গলদা ও বাগদা চিংড়ি রেণু পোনা জব্দ করেছে কোস্ট গার্ড।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধিনস্থ বিসিজি স্টেশন নিদ্রাসকিনা কর্তৃক বরগুনা জেলার তালতলী উপজেলাধীন ফকির হাট সংলগ্ন আড়তে এ অভিযান চালানো হয়।
আজ বুধবার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে রেণু পাচারকারীগণ পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয় নাই। পরে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুল আলমের উপস্থিতিতে জব্দ করা রেণু পোনা সকিনার খালে অবমুক্ত করা হয়।









