বিনোদন

‘মাই বাইসাইকেল’ এবার লাতিন আমেরিকায়

‘মাই বাইসাইকেল’ এবার লাতিন আমেরিকায়

বাংলাদেশের তরুণ চলচ্চিত্র নির্মাতা অং রাখাইনের ‘মাই বাইসাইকেল’ (মর থেংগারি) ছবিটি ফিকসার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শন করা হবে। আর্জেন্টিনার বুয়েনস আয়রেস শহরে ​১ জুলাই শুরু হয়েছে এই উৎ​সব। চলবে ৮ জুলাই পর্যন্ত। এবারই প্রথম এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে।

অং রাখাইন জানান, উৎসবে তার ‘মাই বাইসাইকেল’ ছবিটি আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে। এই বিভাগে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, মেক্সিকোসহ বিভিন্ন দেশের ১০টি চলচ্চিত্র অংশ নিচ্ছে।

এরপর ‘মাই বাইসাইকেল’ ছবিটি ব্রাজিলের সিনে-কুরিয়ান ইন্টারন্যাশনাল ইন্ডিজেনাস ফিল্ম ফেস্টিভ্যালের প্রতিযোগিতা বিভাগে অংশ নেবে। ব্রাজিলের সালভাদোর শহরে ১২–১৬ জুলাই এবং ১৬–১৯ আগস্ট সেরা দো-পেদাইরো শহরে হবে এই উৎ​সব।

অং রাখাইনের ‘মাই বাইসাইকেল’ চলচ্চিত্রটি তালিন ব্ল্যাক নাইটস, গোটেবর্গসহ কয়েকটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। সিলভার আকবুজাত এথনিক ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ চিত্রনাট্যের পুরস্কার পেয়েছে ছবিটি।

ছবিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রাত্যহিক জীবনসংগ্রামকে কাব্যিকভাবে উপস্থাপন করেছেন অং রাখাইন।

বিষয়:অং রাখাইন মাই বাইসাইকেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…