প্রথমদিন শেষ বিকেলে ছিল মহাবিপদ। দ্বিতীয়দিন সকালে হাবুডুবু খাওয়ার মতো অবস্থা। এদিন দেখতে দেখতে নেই তিনজন। ১০৭ রানে সাত উইকেট হারিয়ে লিড হজমের শঙ্কায় পড়েছে বাংলাদেশ।
স্পিনিং উইকেটে ঠিক আগের দিনের মতো পেসার সুরাঙ্গা লাকমাল হয়ে উঠছেন ‘ভয়ঙ্কর’। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে সকালে ফিরিয়েছেন লিটন দাসকে (২৫)। এরপর স্পিনার ধনঞ্জয়া ফেরান রিয়াদকে (১৭)। একই ওভারে তিন বল খেলে বিদায় নেন সাব্বির রহমান (০)।
মিরাজ শুধু ব্যতিক্রম। সকালের প্রথম বল থেকেই ব্যাট হাতে সাবলীল তিনি। টেস্টে মাত্র একটি ফিফটি পাওয়া এ ব্যাটসম্যান কতদূর যেতে পারেন, তার ওপর বাংলাদেশের প্রথম ইনিংস নির্ভর করছে।

লাকমালকে চার ও হেরাথকে ছক্কা মেরে শুরু করেন মিরাজ। আগের দিন দারুণ খেলে ২৪ রান করা লিটন এদিন আর এক রান যোগ করেন। লাকমালের করা অফস্টাম্পের বাইরের বল অনেকটা দূর থেকে আলতো করে ব্যাটে লাগিয়ে বোল্ড হন।
প্রথম ইনিংসে লঙ্কানরা ২২২ রানে অলআউট হয়। তারা গুটিয়ে যায় রাজ্জাক, তাইজুল এবং মোস্তাফিজের নিয়ন্ত্রিত বোলিংয়ে। চার বছর পর দলে ফেরা রাজ্জাক ৬৩ রানে চার উইকেট নেন। তাইজুলও চারটি। তিনি খরচ করেন ৮৩ রান। মোস্তাফিজ ১৭ রানে দুই উইকেট নিয়ে লঙ্কানদের চা বিরতির পরপরই অলআউট করে দেন। সফরকারীদের হয়ে কুশল মেন্ডিস সর্বোচ্চ ৬৮ ও রোশেন সিলভা ৫৬ রান করেন।








