এমন কীর্তি কেউ করতে পারেনি লা লিগায়। অপরাজিত থেকে পুরো মৌসুম শেষ করা। সেই অনন্য রেকর্ডের খুব কাছে চলে এল বার্সেলোনা। কাতালানদের দারুণ এক জয়ের রাতে হেরে বসেছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।
বুধবার রাতে ওসমানে ডেম্বেলের জোড়া গোলের সঙ্গে লিওনেল মেসি, পাউলিনহো ও কৌতিনহোর গোলে ভিয়ারিয়ালকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বার্সা। লিগে আর মাত্র দুম্যাচ বাকি কাতালানদের। আর সেভিয়ার মাঠে ৩-২ গোলে হেরেছে রিয়াল।
ঘরের মাঠ ন্যু ক্যাম্পে প্রথমার্ধেই ভিয়ারিয়ালের জালে তিনবার বল জড়ায় বার্সা। ১১ মিনিটে ডেম্বেলের পাসে গোল পান ফিলিপে কৌতিনহো। পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন পাউলিনহো।
বিরতিতে যাওয়ার ঠিক আগমুহূর্তে অতিথিদের তৃতীয়বারের মত পিছিয়ে দেয় লিওনেল মেসির গোল।
মধ্যবিরতি থেকে ফিরে একটি গোল শোধ করেন ভিয়ারিয়ালের নিকোলা সানসোনে। তাতে খুব একটা লাভ হয়নি। কারণ ৮৭ থেকে ৯০ মিনিটের মধ্য ডেম্বেলের ছোট এক ঝড়ে বড় জয় নিশ্চিত হয় বার্সার। এসময় জোড়া গোল করেন ফরাসি ফরোয়ার্ড। বার্সার জার্সি গায়ে টানা তিন ম্যাচ গোল পেলেন ডেম্বেলে।
চিরপ্রতিদ্বন্দ্বীদের বড় জয়ের রাতে সেখানে হোঁচট খেয়েছে রিয়াল মাদ্রিদ। চোটে পড়া ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়া সেভিয়ার বিপক্ষে নেমে ৩-২ গোলে হেরে বসেছে জিনেদিন জিদানের দল।

নিজেদের মাঠে রিয়ালকে চেপে ধরে প্রথমার্ধেই দুই গোল আদায় করে সেভিয়া। ২৬ মিনিটে উইসসাম বেন ইয়েদ্দারের গোলে এগিয়ে যাওয়ার পর ৪৫ মিনিটে মিগুয়েল লাউয়ুনের গোলে ব্যবধান বাড়ায় দলটি।
ম্যাচের ৮৪ মিনিটে আত্মঘাতী গোল করে রিয়ালের দুঃখ বাড়ান সার্জিও রামোস। পরে শেষ সাত মিনিটে বোর্জা মায়োরাল ও রামোস দুই গোল পরিশোধ করলেও আর ম্যাচে আর ফেরা হয়নি লস ব্লাঙ্কোসদের।
এই হারে অবশ্য পয়েন্ট টেবিলে খুব একটা প্রভাব পড়েনি রিয়ালের। ৩৬ ম্যাচে ৭২ পয়েন্ট জিদানের দলের। থাকল টেবিলের তিনেই। সমান ম্যাচে ৯০ পয়েন্ট লা লিগার মৌসুম রাজা বার্সা।







