রাজধানীর ধানমন্ডিতে ঈদগাহ জামে মসজিদের ইমামের কক্ষ থেকে দুলাল গাজী নামে মসজিদের খাদেমের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ধারণা করছে, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।
১৮ বছর ধানমন্ডির ঈদগাহ মসজিদে খাদেম হিসেবে কাজ করছিলেন বরিশালের বাকেরগঞ্জের দুলাল গাজী। বৃহস্পতিবার রাতে গলায় গামছা পেঁচানো অবস্থায় মসজিদেরই ইমামের কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
ইমামের কক্ষের একটি আলমারি ভাঙা অবস্থা পাওয়া গেছে। ইমাম জানিয়েছেন, তার দুই হাজার টাকা খোয়া গেছে। এ থেকে পুলিশ ধারণা করছে, কেউ সেখানে চুরি করতে ঢুকেছিল। দুলাল চোরকে চিনে ফেলায় তাকে হত্যা করা হয়।
ধানমন্ডি থানার ওসি নূরে আযম মিয়া বলেন, হয়তো ইমাম নামাযে ছিলো। এমন সময় তার ঘরে কেউ ঢুকেছে। সে তাকে চিনে ফেলায় তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।







