সাউদাম্পটন থেকে: বোলিং অনুশীলন শেষ করে মাঠের বাইরে দাঁড়িয়ে বিদেশি একটি মিডিয়ায় সাক্ষাতকার দিচ্ছিলেন মেহেদী হাসান মিরাজ। মাঝমাঠের নেটে ব্যাটিং করতে থাকা সাব্বির রহমানের স্লগ সুইপে বল আছড়ে পড়ল গ্যালারিতে। এক বাউন্স খেয়ে এসে লাগল মিরাজের কপালের ডান পাশে।
কাছেই থাকা স্পিন বোলিং কোচ সুনিল যোশি শুরু করে দেন পরিচর্যা। ড্রেসিংরুম থেকে দৌড়ে আসেন ফিজিও থিহান চন্দ্রমোহন। কিছুক্ষণ আতঙ্ক বিরাজ করে রোজ বোল স্টেডিয়ামে।
প্রাথমিক চিকিৎসা নেয়ার পর ভালো অনুভব করায় নেটে ব্যাটিং অনুশীলনে নামতে চেয়েছিলেন মিরাজ। তবে ফিজিও তাকে বিশ্রামে থাকতে বলায় সেটি আর হয়নি।
স্টেডিয়াম ছেড়ে যাওয়ার আগে অবশ্য বেশ হাসিখুশিই দেখা গেছে মিরাজকে। বিপদ যে কেটে গেছে সেটি বোঝা গেল তার দুষ্টুমি আর হাসিতেই। টিম ম্যানেজমেন্ট থেকে নিশ্চিত করা হয়েছে অফস্পিন-অলরাউন্ডারকে নিয়ে ভয়ের কিছু নেই।








