বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর থেকে ‘বাড়তি করের বোঝা’ সরানোর দাবিতে তিনদিনের ধর্মঘটের ডাক দিয়েছে ‘নো ভ্যাট অন এডুকেশন’ স্লোগানে আন্দোলনকারী শিক্ষার্থীরা। শুক্রবার রাজধানীর স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে দুপুর ১২ টায় একটি প্রেস কনফারেন্সে এই ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জ্যোতির্ময় চক্রবর্তী।
শনিবার থেকে সোমবার, এই তিনদিন চলবে ধর্মঘট। নো ভ্যাট অন এডুকেশনের এই কর্মসূচীর পাশাপাশি ভ্যাট প্রত্যাহারের দাবিতে রোববার থেকে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি।
বাড়তি ভ্যাট প্রত্যাহারের দাবিতে আজ শুক্রবার সন্ধ্যায় ধানমণ্ডি ২৭ নম্বর সড়কে মশাল মিছিলের ডাকও দিয়েছে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বাড়তি ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলনে গত বুধবার দুপুরের দিকে ইস্টওয়েস্ট ইউনিভারসিটির শিক্ষার্থীরা মিছিল বের করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। সেসময় ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট রেজিস্ট্রার মাশফিকুর রহমান ও একজন শিক্ষক ছাড়াও অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়। এরপরেই রাজধানীসহ সারাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
পুলিশের গুলিবর্ষণের ওই ঘটনার প্রতিবাদে বুধবার বিকাল থেকে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হতে থাকে। সেদিন রাত ৯টা পর্যন্ত ক্যাম্পাস সংলগ্ন রাস্তা অবরোধ করে রাখে তারা। এরপর বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় ঢাকায় বিভিন্ন সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচী।
চলতি বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং ইঞ্জিনিয়ারিং কলেজের টিউশন ফি’র ওপর প্রথমে ১০ শতাংশ ভ্যাট আরোপ করা হয়। পরে তা কমিয়ে করা হয় সাড়ে সাত শতাংশ।
এই বাড়তি ভ্যাট প্রত্যাহারের দাবিতেই সোচ্চার শিক্ষার্থীরা।







