অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, শিক্ষার্থীদের দাবির প্রতি সরকার অনমনীয় নয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর বাজেটে আরোপিত ভ্যাট নিয়ে সরকারের অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দিয়ে তিনি বলেছেন, আলোচনার পথ খোলা আছে, সমাধান সম্ভব।
তিনি বলেছেন, “বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট নিয়ে যে জটিলতা দেখা দিয়েছে, সে বিষয়ে আমরা রিজিড অবস্থান নিইনি। গত ছয় বছরে আমরা অনেক বিষয় রিভিউ করেছি।”
ভ্যাট প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবরোধ চলা অবস্থায় বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
এর আগে ভ্যাটের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেনো কৌশলে টিউশন ফি না বাড়ায় সেদিকে শুধু নজর রাখা নয়, প্রয়োজনে প্রতিরোধের জন্য শিক্ষার্থীদের আহবান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনায় মন্ত্রণালয়গুলোর বাড়তি চাহিদা মেটাতে গিয়েই ভ্যাটের আওতা সম্প্রসারণ করা হচ্ছে।
তারও আগে শুক্রবার অর্থমন্ত্রী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির ওপর আরোপিত ভ্যাট ‘আলটিমেটলি (শেষ পর্যন্ত)’ শিক্ষার্থীদের ওপরই বর্তাবে। আরোপিত ভ্যাটের ব্যাখ্যা দিয়ে একটি অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, ‘এ বছর বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো তাদের টিউশন ফি নির্ধারণ করে দিয়েছে এবং সে অনুযায়ী তা সংগ্রহও করেছে। কিন্তু আগামী বছর যখন তারা (কর্তৃপক্ষ) ফি নির্ধারণ করবে, তখন সেই হিসাব নেবে।’
তবে বৃহস্পতিবার সিলেটে সংবাদ সম্মেলন করে তিনি বলেছিলেন, শিক্ষার্থীদের নয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেই ভ্যাটের টাকা প্রদান করতে হবে। ভ্যাটের জন্য টিউশন ফি বাড়ানো যাবে না।






