ফরিদপুরে তিন পরিবহন শ্রমিককে আটকের প্রতিবাদে খুলনা বিভাগের ১৮টি রুটে ৭ম দিনের মত চলছে পরিবহন ধর্মঘট। এতে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
সোমবার সকালে যশোর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি কোনো বাস। বন্ধ রয়েছে অভ্যন্তরীণ সব রুটের বাস চলাচল। কেন্দ্রীয় বাস টার্মিনালসহ অন্য কাউন্টারগুলোতে তালা ঝুলতে দেখে ফিরে গেছেন যাত্রী। আর বাস না পেয়ে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের।
এক যাত্রী বলেন, তিনি তার পরিবার নিয়ে নড়াইল যাবার জন্য অপেক্ষা করছেন। কিন্তু বাস ছাড়ার কোনো খবরই নেই। তিনি অভিযোগ করেন, কিছু দিন পর পরই পুলিশ এবং পরিবহন শ্রমিকরা মিলে সমস্যা তৈরি করে আর ভোগান্তিতে পড়তে হয় সাধারণ যাত্রীদের।
গত ১৯ মে ফরিদপুরে তিন পরিবহন শ্রমিককে আটকের প্রতিবাদে প্রথমে খুলনা বিভাগের ৬ জেলায় শুরু হয় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। খুলনা বিভাগীয় মালিক শ্রমিক ঐক্য পরিষদের আল্টিমেটাম মতে ২১ মে বিকেল ৫টার মধ্যে আটক শ্রমিকদের মুক্তি না দেয়ায় এবং ফরিদপুরের এসপি ও মধুখালি থানার ওসিকে প্রত্যাহার না করায় নতুন করে ২২ মে ভোর থেকে খুলনা বিভাগের সব রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়।






