সোহেল রানা, ফারুক, ববিতা, কবরী, সুচন্দা, সুচরিতা, রানী—জ্যেষ্ঠ প্রায় অনেক শিল্পীই আজ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিয়েছেন। অন্যদের অনুপ্রেরণা জুগিয়েছেন। নতুন নেতৃত্ব গড়ার ব্যাপারে সবাইকে উৎসাহ দিয়েছেন। নবীন–প্রবীণ তারকাদের পদচারণায় মুখর ছিল এফডিসি। কিন্তু আসেননি রাজ্জাক।
কেন? কোনো কারণে শিল্পীদের ওপর তিনি অসন্তুষ্ট? অতীতের চলচ্চিত্র শিল্পীদের যে নেতৃত্ব ছিল, এ ব্যাপারে তিনি প্রায়ই নিজের কষ্টের কথা বলেছেন।
শেষে জানা গেল, রাজ্জাক খুবই অসুস্থ। জন্ডিসে আক্রান্ত হয়েছেন। চিকিৎসকের পরামর্শে তিনি এখন বাসায় বিশ্রামে আছেন।
তার ছেলে বাপ্পারাজ বলেন, ‘ভোটের ব্যাপারে আব্বার দারুণ আগ্রহ। অন্যান্য বছর নির্বাচনে আব্বাকে দেখেছি অন্যদেরকে ফোন করে ভোট দেওয়ার জন্য উৎসাহ দিয়েছেন। কিন্তু অসুস্থ হওয়ায় এবার তিনি আসতে পরেননি।’
এফডিসিতে আজ শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ হয়।








