সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকে ভেরিফায়েড হয়েছে চিত্রনায়িকা মাহিয়া মাহির নামে একটি পেজ। নামের পাশে শোভা পাচ্ছে ফেসবুকের ট্রেডমার্ক ‘ব্লু সাইন’! এমন স্বীকৃতিতে সাধারণত তারকারা উচ্ছ্বসিত থাকেন। কিন্তু বিষয়টি নিয়ে রীতিমত হতভম্ব ‘অগ্নি’ খ্যাত এই নায়িকা।
কারণ ফেসবুক যে পেজটিকে স্বীকৃতি দিয়েছে মাহির অভিযোগ, ‘এটি একটি ভুয়া পেজ!’
মাহিয়া মাহি নামে সার্চ করলে অসংখ্য পেজ চোখে পড়বে। তারমধ্যে ওই ফেসবুক পেজটিতে এখন নীল টিক চিহ্ন! মাহিয়া মাহির নাম ছাড়াও সেই পেজটিতে তার অসংখ্য ছবিও আপলোড রয়েছে।
বিষয়টি নিয়ে বিরক্ত ও বিব্রতবোধ করছেন বলে জানান মাহি। চ্যানেল আইলাইনকে ‘কৃষ্ণপক্ষ’র অরু জানান, আমার নামে অনেক পেজ, আইডি রয়েছে। এ জন্য নিজের ব্যবহৃত আইডি চালাতেই বিপাকে পড়তে হয়। আগের দুটো আইডি হারিয়েছি। এবার দেখলাম আমার নামে পেজ খুলে সেটা ভেরিফায়েডও করা হয়েছে!
তিনি বলেন, কয়েকজন ভক্ত সকালে ইনবক্সে লিংক পাঠিয়েছে ফেরিফায়েড পেইজের। দেখে খুব আশ্চর্য হয়েছি! যেখানে আমার নিয়ন্ত্রণ নেই, সেটা আমার অনুমতি ছাড়া ভেরিফায়েড হয় কীভাবে?
মাহি বলেন, ভুয়া পেজটির ছবি ও নাম আমার হলেও সেখানে অন্যদের ছবিও পোস্ট করা হচ্ছে। হোয়াই?
মাহির নামে যে পেজটি ভেরিফায়েড হয়েছে তার অনুসারী মাত্র ১২ হাজারের একটু বেশি। তার ধারণা, ভুয়া যে পেজটি ভেরিফায়েড হয়েছে সেটি অক্টোবর-নভেম্বর মাসের দিকে যে কেউ খুলেছিল।
মাহি বলেন, জাজ মাল্টিমিডিয়ায় যখন ছিলাম তাদের নিয়ন্ত্রণে আমার একটা পেজ ছিল। সেটা ফলোয়ার্স ছিল ১০ লাখের বেশি। জাজ থেকে বের হওয়ার পর অনেক চেষ্টায় ওই পেজটি পুরোপুরি বন্ধ করতে সক্ষম হই। নতুন করে কে বা কারা আমার নামে এই ভুয়া পেজ খুলে ভেরিফায়েড করেছে আমি জানি না। কিন্তু এটা খুবই অন্যায় হলো। ভেরিফায়েড হলো তার মানে সবাই ভাববে এটাই আমার অরিজিনাল পেজ। কিন্তু তা মোটেও না।
ঢাকাই ছবির এই হিট নায়িকা বলেন, ভুয়া পেজটির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কে বা কারা ব্যবহার করে তাও জানি না। তাই এখান থেকে কোনো পোস্ট বা ক্ষুদে বার্তায় প্রলোভন, অশোভন মন্তব্য, ছবি, পোস্ট হলে আমি দায়ি থাকবো না। এ ব্যাপারে সবাইকে সতর্ক করছি। সবাইকে ভুয়া পেজ বর্জন করে আমার অফিশিয়াল পেজের সঙ্গে যুক্ত থাকার অনুরোধ করছি। যেটি আমি ও আমার কয়েকজন ফ্যান মিলে একটি পেজ চালাই। সেটার ফলোয়ার্স ১ লাখ ৬২ হাজারের মতো।
শিগগির ভেরিফায়েড হওয়া এ ভুয়া পেজটি বন্ধের জন্য সাইবার ক্রাইমে যোগাযোগ করবেন বলেও জানান মাহিয়া মাহি।
বিষয়টি নিয়ে চ্যানেল আই অনলাইনের আইটি চিফ সাব্বির হোসাইন জানান, গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করতে ফেসবুকে অ্যাকাউন্ট ভ্যারিফিকেশনের ব্যবস্থা চালু আছে। এই পদ্ধতি ছাড়া কিংবা অর্থের বিনিময়ে কেউ চাইলেও ভেরিফায়েড হতে পারেন না। মাহি চাইলেই এখন ভেরিফায়েড হওয়া পেজটি নিয়ে ফেসবুক কর্তৃপক্ষের কাছে বৈধ প্রমাণসহ ক্লেইম করতে পারেন। সব ঠিক থাকলে ওই পেজটিতো বন্ধ হবেই, সেই সঙ্গে সঙ্গে নিজের পেজটিকেও ভেরিফায়েড করে নিতে পারবেন।







