মিশরের নিরাপত্তাবাহিনী ‘ভুল করে’ মেক্সিকান পর্যটকসহ ১২ জনকে হত্যা করেছে। আহত হয়েছে ১০ মেক্সিকানসহ আরো অনেকে। সন্ত্রাসবিরোধী একটি অভিযান পরিচালনাকালে ঘটনাটি ঘটে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, পর্যটকরা ৪টি গাড়িতে করে পশ্চিম মরুভূমির ওয়াহাত এলাকায় ঘুরে বেড়াচ্ছিলো। এলাকাটিতে সাধারণের প্রবেশাধিকার নিষিদ্ধ। তখন সেখানে সেনাবাহিনী ও পুলিশের মিলিত অভিযান চলাকালে হতাহতের ঘটনা ঘটে।
আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিকে পেনা নিয়েতো ঘটনাটির নিন্দা জানিয়ে মিশর সরকারের পক্ষ থেকে জোর তদন্তের দাবি জানিয়েছেন। ঘটনার তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।






