শুধু ছোটদের কাছেই নয়, ‘ভুতু’ কিন্তু বড়দের কাছেও সমান জনপ্রিয়। ভারতের জি বাংলার এই ক্ষুদে তারকা এবার বড় পর্দায় অভিনয় করছে। ছবির নাম ‘ককপিট’। পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। প্রযোজনা করছে দেবের প্রযোজনা সংস্থা।
জি বাংলার ‘ভুতু’ ধারাবাহিকের পর আরশিয়ার মা ভাস্বতী মুখোপাধ্যায় বলেছিলেন, ‘এখন আর অভিনয় নয়। আরশিয়া এখন পড়াশোনায় মন দেবে।’ না, এই কথায় বেশি দিন স্থির থাকতে পারেননি তিনি। মেয়ের যখন চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব এসেছে, তখন মা নিজেই ছুটে যান পরিচালকের কাছে। ছবির গল্প আর শুটিংয়ের তারিখসহ আনুষঙ্গিক সব কিছু চূড়ান্ত করেন।
‘ভুতু’ আরশিয়া যে চলচ্চিত্রে অভিনয় করছে, এই খবর কিন্তু কলকাতার সংবাদ মাধ্যমকে ভাস্বতী মুখোপাধ্যায় নিজেই দিয়েছেন। জানালেন, ছবিতে আরশিয়ার নাম ‘কিটি’। ওর বাবা-মা দুটো আলাদা শহরে থাকেন। ইগোর লড়াই তাদের এক হতে দেয় না। কিন্তু কিটির বাবা-মাকে মিলিয়ে দেওয়ার জন্য নানা ভাবে চেষ্টা করে। মুম্বই থেকে মা কিটিকে একাই ফ্লাইটে তুলে দেন। কলকাতায় বাবা মেয়েকে রিসিভ করবেন। ফ্লাইটে কিটিকে সাহায্য করেন বিমানসেবিকা (রুক্ষিণী মৈত্র)। ভয়ঙ্কর দুর্যোগে পড়ে ফ্লাইটটি। যাত্রীদের রক্ষা করার জন্য এগিয়ে আসেন পাইলট (দেব)।
এরই মধ্যে ছবির শুটিং শুরু হয়েছে। স্কুলের পাশাপাশি ছবির শুটিং নাকি দারুণ উপভোগ করছে আরশিয়া।
ছবি: সংগৃহীত







