ভুটানের সঙ্গেও জয় পেলো না বাংলাদেশ ফুটবল দল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ মেন্স ফুটবলের বাছাই পর্বের প্লে-অফ-এ ভুটানের সঙ্গে গোলশূণ্য ড্র করেছে লাল-সবুজের ফুটবলাররা।
ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলো গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি টম সেন্টফিটের শিষ্যরা।
গতকালই অবসরের ঘোষণা দেন ২০১৩ সাল থেকে বাংলাদেশ জাতীয় ফুটবলের দলের অধিনায়কের দায়িত্ব পালন করে আসা ফুটবলার মামুনুল ইসলাম। নতুন অধিনায়ক হিসেবে আজ বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। অন্যদিকে, নতুন কোচ টম সেন্টফিটের অধীনে দুইটি ম্যাচ খেলে একটিতেও জয় পেল না বাংলাদেশ।
গত সপ্তাহে প্রস্তুতিমূলক ম্যাচে মালদ্বীপের কাছে পাঁচ গোলে হারের পর এ ম্যাচেও ব্যর্থতার পরিচয় দিয়েছে নতুন কোচ টম সেইন্টফিটের দল। এক সময়ের দক্ষিণ এশিয়ান ফুটবলের পরাশক্তি বাংলাদেশ ভুটানের কাছে কখনোই হারেনি। 
গত বছর সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে ৩ গোলের জয় এসেছিলো বাংলাদেশের পক্ষে। এ ম্যাচে ড্র করায় ভুটানিরা তাদের হোম ম্যাচের আগে বেশ সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেলো।
১০ অক্টোবর এওয়ে ম্যাচে আবারও মাঠে নামবে দুই দল।







