আবেগ-শ্রদ্ধা ও ভালাবাসায় শেষ বিদায় জানানো হলো নিউজিল্যান্ডের কিংবদন্তি
ক্রিকেটার মার্টিন ক্রোকে। শুক্রবার শেষ বিদায়ের সময় তার কফিন বহন করেন
চাচাতো ভাই হলিউড সুপারস্টার রাসেল ক্রো। শেষকৃত্যে উপস্থিত হয়েছিলেন তার
ভাই জেফ ক্রো, রিচার্ড হ্যাডলি, ইয়ান স্মিথসহ প্রায় হাজার খানেক শোকগ্রস্ত
মানুষ।
মার্টিন ক্রোর মৃত্যুতে পুরো নিউজিল্যান্ডের মানুষের ওপর নেমে আসে গভীর শোকের ছায়া। অকল্যান্ডের ‘হলি ট্রিনিটি ক্যাথেড্রল’ থেকে এ ব্যাটসম্যানের শেষকৃত্য অনুষ্ঠানটি নিউজিল্যান্ডে কয়েকটি টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করে।
দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে গত ৪ মার্চ মৃত্যুবরণ করেন মার্টিন ক্রো। তার বড় ভাই ও নিউজিল্যান্ড ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জেফ ক্রো শেষকৃত্য অনুষ্ঠানে আসা সবাইকে এবং ভাইয়ের মৃত্যুতে শোক জানানো প্রতিটি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ভাইয়ের মৃত্যুর সময় জেফ ক্রো ছিলেন বাংলাদেশে। এশিয়া কাপের ম্যাচ রেফারির দায়িত্ব পালন করছিলেন। জেফ ক্রো বলেন, ‘সে (মার্টিন) ছিল সত্যিকারের অনুপ্রেরণা। ওয়াসিম আকরামের মতো বোলার বলেছে, সে যাদের বিপক্ষে বোলিং করেছে তাদের মধ্যে মার্টিন ছিল সবার সেরা। এর চেয়ে বড় প্রশংসা হতে পারে না।’






