ভারতের মধ্যপ্রদেশে একটি যাত্রীবাহী ট্রেনের দু’টো শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে আগুন লাগার ঘটনায় চূড়ান্ত ঝুঁকি থাকার পরও শেষ পর্যন্ত কোনো হতাহত ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
এনডিটিভি জানায়, সোমবার অন্ধ্রপ্রদেশ এসি সুপার ফাস্ট এক্সপ্রেস ট্রেন নয়াদিল্লি থেকে বিশাখাপাটনামের উদ্দেশে যাচ্ছিল। পথে স্থানীয় সময় বেলা ১১.৫০-এ মধ্যপ্রদেশের গোয়ালিয়রে বিরলানগর স্টেশনের কাছাকাছি পৌঁছালে হঠাৎ ট্রেনের বি৬ বগিতে আগুন ধরে যায়।
কিছুক্ষণের মধ্যে পাশের বি৭ বগিতেও আগুন ছড়িয়ে পড়ে বলে জানান রেলওয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র বেদ প্রকাশ।
ওই সময় স্টেশনে না নিয়ে দ্রুত সেখানেই ট্রেন থামিয়ে আগে আগুন লাগা বগি দু’টো থেকে যাত্রীদের নিরাপদে বের করে পাশের বগিতে স্থানান্তর করা হয়। তারপর অন্য বগিগুলোকে আলাদা করে সরিয়ে নেয়া হয়।
প্রত্যক্ষদর্শীর ধারণ করা ভিডিওচিত্রে শীতাতপ নিয়ন্ত্রিত দু’টো বগির দরজার ফাঁক দিয়ে আগুন ও ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়।
আগুন নিভে যাওয়ার পর বেলা ১.১০-এ গোয়ালিয়র স্টেশনে পৌঁছায় ট্রেনটি। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি বলে জানিয়েছেন রেলওয়ে মুখপাত্র।







