২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ও পাকিস্তানের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের যেসব মানুষ ভারতে আশ্রয় নিয়েছেন তাদের ভিসার সময় পার হয়ে গেলেও ভারতে থেকে যেতে পারবেন তারা। এবং সেক্ষেত্রে তাদের কোনো নথিপত্র দেখাতে হবে না।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার রাতে এক বিবৃতি দিয়ে বিষয়টি পরিষ্কার করেছে। মানবিক কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। এরপর থেকে তাদের আর অনুপ্রবেশকারী হিসেবে বিবেচনা করা হবে না।
কোনো আইন প্রবর্তন বা পরিবর্তন না করেই ভারতের পাসপোর্ট এ্যাক্ট ১৯২০ (ভারতে প্রবেশ আইন) ও ফরেনার্স এ্যাক্ট ১৯৪৬ এই দুটো আইনের আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি গেজেটভুক্ত হওয়ায় আজ থেকেই তা কার্যকর হয়েছে।
ভারত সরকারের হিসাব মতে পাকিস্তান ও বাংলাদেশ থেকে ভারতে যাওয়া এমন ভারতে অবস্থানকারী হিন্দু ও শিখের সংখ্যা প্রায় ২ লাখ।







