ভারতে গিয়ে একের পর এক ম্যাচে গোল করে চলেছেন বাংলাদেশের সাবিনা খাতুন। ইন্ডিয়ান উইমেন লিগে টানা তৃতীয় ম্যাচে জয় পেয়েছে তার দল সেথু এফসি। তিন ম্যাচেই গোল এসেছে সাবিনার থেকে। বুধবার করেছেন দুই গোল।
সাবিনার দুই ও ইন্দুমাথাইয়ের এক গোলে ইন্ডিয়া রাশ সকার ক্লাবকে ৩-২ গোলে হারিয়েছে তামিলনাড়ু সেথু এফসি।
প্রথম ম্যাচে সুযোগ পেয়েছিলেন বদলি হিসেবে। গোল পাননি, তবে দারুণ খেলেছিলেন সাবিনা। পরের দুই ম্যাচে দলের শুরুর একাদশে। একটি করে গোলে জয়ের কারিগরও। তৃতীয় ম্যাচে দুই গোলে নিজের জাতটা আরেকবার চেনালেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে দুদল। আক্রমণ-পাল্টা আক্রমণে গোলের সুযোগ তৈরি করে উভয়েই। তবে এগিয়ে যায় সকার ক্লাব। প্রথমার্ধে তখন ত্রাতা সাবিনা। দলকে সমতায় এনে বিরতিতে যান।
মধ্যবিরতির পর ফিরে একটি গোল হজম করে সেথু এফসি। এবার সমতা টানেন ইন্দুমাথাই। পরে তামিলনাড়ুর দলটিকে জয়সূচক গোলটি এনে দেন লাল-সবুজের তারকা সাবিনা।







