নারীদের সাফ অনুর্ধ্ব-১৮ ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে হেরেছে বাংলাদেশের মেয়েরা। বয়সভিত্তিক এ টুর্নামেন্টটিতে ভারতের বিপক্ষে এটিই বাংলাদেশের প্রথম হার।
ভারতের জামশেদপুরে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের কাছে ১-০ গোলে হেরেছে গত আসরের চ্যাম্পিয়নরা। ম্যাচের একমাত্র গোলটি করেছেন নিতু লিন্ডা।
এ ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠল ভারত। এক জয় এক হারে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ।
ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের রক্ষণভাগকে চেপে ধরে ভারত। ২৩ মিনিটে সুযোগও পেয়ে যায় স্বাগতিকরা। কিন্তু অনীতা কুমারীর সেই শট বারপোস্ট ঘেঁষে চলে যায়।
৩৮ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শট নেন প্রিয়াঙ্কা। কিন্তু ভারতীয় ফরোয়ার্ডের দূরপাল্লার শট গোলরক্ষক রুপনা চাকমার হাতে লেগে ক্রসবারে লাগে।
২৫ মিনিটে প্রথম সুযোগ পায় বাংলাদেশ। কিন্তু শামসুন্নাহারের শট ভারতের ডিফেন্ডারের পায়ে লেগে ফেরত আসে।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় ভারত। ৪৭ তম মিনিটেই লিড পেয়ে যেতে পারতো স্বাগতিকরা। কিন্তু আরও একবার রূপনার দেয়াল ভেদ করতে ব্যর্থ হন ভারতীয় ফরোয়ার্ডরা।।
৬৪ মিনিটে কাঙ্ক্ষিত লিড পেয়ে যায় ভারত। এবার রুপনার ভুলকে কাজে লাগিয়ে স্কোরশিটে নাম লেখান নিতু লিন্ডা। ৭২ তম মিনিটে স্বপ্নার ফ্রি কিক ক্রসবারে লেগে ফেরত আসলে আরেকবার সুযোগ হারায় বাংলাদেশ।
ম্যাচের বাকী সময়ে দুদলই বেশ কিছু সুযোগ তৈরি করলেও জালে বল জড়াতে পারেনি কেউই। ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে গোলাম রাব্বি ছোটনের শিষ্যরা।








