ভারতের আকাশসীমায় বিনা অনুমতিতে ঢুকে গেছে একটি পাকিস্তানি হেলিকপ্টার। ভারতের জম্মু-কাশ্মির অঞ্চলের পুঁচ এলাকায় রোববার ঘটনাটি ঘটে।
ভারতে প্রবেশের পর হেলিকপ্টারটিকে ভারতীয় সেনাবাহিনী গুলি করে ভূপাতিত করার চেষ্টা করে বলেও সেনা সূত্র থেকে জানিয়েছে এনডিটিভি।
ভারত ও পাকিস্তান- দু’দেশেরই স্বীকৃত নীতিমালা অনুসারে, কাশ্মির অঞ্চলে ভারত-পাকিস্তান মধ্যবর্তী সীমান্ত এলাকা ‘লাইন অব কন্ট্রোল’ বা এলওসি’র এক কিলোমিটারের মধ্যে কোন দেশের হেলিকপ্টারের প্রবেশের অনুমতি নেই। সংযুক্ত বা অঘূর্ণায়মান পাখাযুক্ত কোনো আকাশযানের ক্ষেত্রে এই দূরত্ব ১০ কিলোমিটারে সীমাবদ্ধ।
কিন্তু রোববার স্থানীয় সময় দুপুরে এলওসি পেরিয়ে পাকিস্তান থেকে ভারতে আকাশসীমায় প্রবেশ করা হেলিকপ্টারটি এ নিয়ম মানেনি।
এনডিটিভিতে প্রকাশিত একটি ভিডিওচিত্রে দেখা গেছে, পুঁচের একটি পাহাড়ের পাশ দিয়ে বেশ উঁচুতে উড়ে যাচ্ছে একটি সাদা রংয়ের পাকিস্তানি হেলিকপ্টার। ওই সময় ভিডিওটিতে টানা গুলিবর্ষণের শব্দ শোনা যেতে থাকে; যার অর্থ, সেনাবাহিনী তখন হেলিকপ্টারটিকে ভূপাতিত করার জন্য গুলি ছুঁড়ছিল।
তবে উড়োজাহাজ ভূপাতিত করার মতো কোনো শক্তিশালী লার্জ-ক্যালিবার অস্ত্র ব্যবহার না করে ছোট অস্ত্র দিয়ে গুলি ছোড়ার কারণে বেঁচে যায় হেলিকপ্টারটি।
রোববার স্থানীয় সময় দুপুর ১২ টা ১৩ মিনিটে প্রথম ভারতীয় আকাশসীমায় হেলিকপ্টারটি দেখা যায়। ধারণা করা হচ্ছে এটি একটি বেসামরিক হেলিকপ্টার।
গোলাগুলির মাঝেই হেলিকপ্টারটি ঘুরে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে ফিরে যায়।
এর আগে গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের একটি হেলিকপ্টার এলওসির ৩শ’ মিটারের মধ্যে উড়ে চলে এসেছিল। অবশ্য রোববারের ঘটনাটিকে আকাশসীমা লঙ্ঘনের ভিন্ন ধরনের ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
তবে এবারের হেলিকপ্টারটি ভুলবশত ভারতীয় আকাশসীমায় ঢুকেছে নাকি ইচ্ছাকৃতভাবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ভিডিওটি দেখুন এখানে:










