টেস্ট র্যাংকিং’র সেরা দল সাউথ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে এক ম্যাচ হাতে রেখে জিতলেও, তৃতীয় টেস্টের ভেন্যু নাগপুরের উইকেট নিয়ে বিপাকে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ম্যাচ রেফারি জেফ ক্রো আইসিসিকে পেশ করা রিপোর্টে নাগপুরের পিচকে নিম্নমানের এবং বাজে উইকেট হিসাবে বর্ণনা করেছেন।
আইসিসি এই নিম্নমানের উইকেট তৈরির কারণ ব্যাখার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে ১৪ দিনের সময় বেধে দিয়েছে।
ওই টেস্টের শুরু থেকেই স্পিনারদের জন্য ছিলো বাড়তি সুবিধা। এরমধ্যে তিনদিনেই শেষ হওয়া ম্যাচে ৪০টির মধ্যে ৩৪টি উইকেট ভাগাভাগি করে নেয় দুই দলের স্পিনাররা। ভারত ১২৪ রানে জিতলেও, বোর্ড সভাপতি শশাংক মনোহরের নিজ শহর নাগপুরের উইকেট নিয়ে খোদ ভারতেই সমালোচনার ঝড় ওঠে।
তবে ভারতীয় অধিনায়ক কোহলি ও টিম ডিরেক্টর রবি শাস্ত্রী পিচ নিয়ে সমালোচনা নাকচ করে আসছেন। ব্যাখা সন্তোষজনক না হলে ভারতীয় ক্রিকেট বোর্ডকে বড় অংকের জরিমানা গুনতে হতে পারে।






