ক্ষমতা গ্রহণের পর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যতো ধরণের উদ্যোগ নিয়েছেন, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় পদক্ষেপ হলো তার দেশের মানুষদের টয়লেটে পাঠানো! সম্প্রতি ভারতে পরিচালিত এক গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে।
যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার এ বছরের ৬ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত প্রায় আড়াই হাজার মানুষের ওপর একটি মতামত জরিপ পরিচালনা করে।
জরিপে উত্তরদাতাদের কাছ থেকে প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, ৭১ শতাংশ মানুষ ভারতীয়দের জন্য মোদির ‘স্বাস্থ্যসম্মত টয়লেট’ পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে।
গত বছরের ২ অক্টোবর নরেন্দ্র মোদি ‘পরিচ্ছন্ন ভারত’ নামে একটি বড় প্রকল্প চালু করেন। যার অধীনে ২০১৯ সালের মধ্যে ভারতের প্রতিটি স্কুল এবং বাড়িতে কমপক্ষে একটি স্বাস্থ্যসম্মত টয়লেটের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। সেই হিসেবে দেশজুড়ে সরকারকে তৈরি করতে হবে প্রায় ৬ কোটি টয়লেট।
ভারতীয় গণমাধ্যম ‘কোয়ার্টজ ইন্ডিয়া’ জানায়, দেশটির পানীয় জল এবং পয়ঃনিষ্কাশন মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে, ২০১৫ অর্থবছরে মোদি সরকার ৫৮ লাখ টয়লেট নির্মাণ করে। এই অর্থবছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত আরো ৩৪ লাখ টয়লেট নির্মাণ করা হয়েছে।
মোদির এই ‘টয়লেট যুদ্ধ’ এমনভাবেই মানুষের মন জয় করেছে যে, বিরোধী দল কংগ্রেসের সমর্থকরাও মোদিকে তার এ অভিযানে সমর্থন না দিয়ে পারেননি।
টয়লেট ইস্যু ছাড়াও ৮৭ শতাংশ উত্তরদাতা অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে মোদির নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেছেন বলে গবেষণাটিতে পাওয়া গেছে।







