আবারও বিতর্কে জড়ালেন মার্কিন নির্বাচনে দৌড়ে থাকা রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এবার ভারতীয়দের ইংরেজি বলা নিয়ে বিদ্রুপ করে বিতর্কে জড়িয়েছেন তিনি।
বিদেশীদের বিরোধিতা সম্প্রদায়িক বিদ্বেষের পর্যায়ে নিয়ে যাওয়া ট্রাম্প এবার ডেলাওয়ারে এক নির্বাচনী প্রচারসভায় বিদ্রুপ করে দেখান, কল সেন্টারের ভারতীয় কর্মীরা কীভাবে ইংরেজি বলেন।
ট্রাম্প রসিকতার সুরে বলেন, ‘আমার ক্রেডিট কার্ডের কাস্টমার সার্ভিস কারা দেখে? না জানার ভান করে ফোন করেছিলাম, যেন সত্যি কিছু জানতে চাইছি! জিজ্ঞাসা করলাম, ‘কোথা থেকে কথা বলছেন?’
এর পরই ভারতীয়দের ইংরেজি বলার ভঙ্গি নকল করে ট্রাম্প নিজেই জবাব দেন, ‘ভারত থেকে বলছি!’ এরপর ‘ওহ! দারুণ!’ বলে ফোন রেখে দেওয়ার ভঙ্গি করেন ট্রাম্প। তার পর টিপ্পনি, ‘এভাবে প্রচুর রোজগার করে নিচ্ছে ভারত’।
কিন্তু এরপরই আবার ভারতের প্রশংসা করেন ট্রাম্প। বলেন, ভারত অসাধারণ একটি দেশ! ভারতের ওপর তার কোনো রাগ নেই। চীন, জাপান, ভিয়েতনামের ওপরেও রাগ নেই। তার সব রাগ আমেরিকার ‘নির্বোধ’ নেতাদের ওপরে। ওঁদের ভুল নীতির জেরে আমেরিকার সম্পত্তি ওই সব দেশের হাতে চলে যাচ্ছে।
ট্রাম্পের কথায়, ‘আমেরিকা সবদিক থেকে হেরে যাচ্ছে! কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। চাকরি চুরি হয়ে যাচ্ছে, ছিনিয়ে নেওয়া হচ্ছে। আমেরিকার অবস্থা সেই শিশুটির মতো, যার হাত থেকে জোর করে লজেন্স কেড়ে নেওয়া হয়েছে! এভাবে চলতে দেওয়া যায় না।’







