পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সংঘবদ্ধ জালিয়াত চক্রের চার সদস্য এবং তাদের হাতে অপহৃত হওয়া এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে র্যাব। উদ্ধার হওয়া শিক্ষার্থীর নাম সিকার মো: সালেহ। তিনি টাঙ্গাইলের কালিহাতীর খিরগাতি গ্রামের আব্দুল মতিনের ছেলে।
গ্রেফতারকৃতরা হলো নোয়াখালীর সুধারাম থানার এওজবলীয়া গ্রামের আনোয়ার হোসেন ওরফে রোকন, পশ্চিম নরতমপুর গ্রামের ইসমাইল হোসেন ওরফে রুবেল, কাটালিয়া আটা গ্রামের আক্তারুজ্জামা ওরফে খোকন এবং টাঙ্গাইলের ঘাটাইল থানার শ্যামলী মাষ্টার পাড়া গ্রামের জাকারিয়া সরকার।
তারা সবাই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। শুক্রবার রাতে ঢাকার নীলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব।
শনিবার টাঙ্গাইল র্যাব অফিসে সংবাদ সম্মেলনে র্যাব-১২ এর তিন নম্বর কোম্পানী কমান্ডার বীনা রানী দাস জানান, গ্রেফতারকৃতরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাছ থেকে তাদের মূল মার্কশিট, সার্টিফিকেট ও প্রবেশপত্রের মূল কপি সংগ্রহ করে। এরপর শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে ফরম পূরণের আইডেন্টিফেশন নম্বর সংগ্রহ করে প্রবেশপত্র ডাউনলোড করে ফটোশপ করে ছবি বদলে মূল পরীক্ষার্থীর পরিবর্তে অন্য এক মেধাবী শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়।
এর বিনিময়ে শিক্ষার্থীদের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করে থাকে চক্রটি। যদি কোন পরীক্ষার্থী টাকা দিতে অক্ষম হয় তাহলে তাকে অপহরণ করে টাকা আদায় করে জালিয়াতরা।








