চিত্রনায়িকা অপু বিশ্বাস তার ভক্তদের জন্য পার্টি দেবেন! সেখানে ভক্তরা তার সঙ্গে আড্ডা দেবেন, সেলফি তুলবেন আর হবে খাওয়াদাওয়া। এমনটাই ঘোষণা দিয়েছেন তিনি। এ কি সম্ভব? এত বড় পরিকল্পনা কেন করছেন? অপু জানালেন, এবার ঈদে যদি তার নতুন ছবি ‘রাজনীতি’ সুপারহিট হয়, তবে তিনি অবশ্যই এ আয়োজন করবেন। আজ বুধবার বিকালে ফেসবুক লাইভে এসব কথা বলেছেন অপু বিশ্বাস।
অপুর ঘোষণা শুনে সংশ্লিষ্টরা মন্তব্য করেছেন, অনেক দিন পর অপু বিশ্বাসের ছবি মুক্তি পাচ্ছে। ছবি মুক্তির আগে সবার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন তিনি। এটা ছবির প্রচারণার কৌশল। আর পূর্ব ঘোষণা অনুযায়ী ছবির মুক্তির আগে এটাই ছিল ভক্ত এবং দর্শকদের সঙ্গে অপুর শেষ সরাসরি যোগাযোগ। এছাড়া আজ ছবির নতুন একটি গান ইউটিউবে অবমুক্ত করা হয়।
ভক্ত এবং দর্শকদের উদ্দেশে অপু আরও বলেন, ‘আমার এই সিনেমা হিট করানোর দায়িত্ব আপনাদের। ছবিটি যদি হিট হয়, তবে আমি আমার ভক্তদের সঙ্গে দেখা করব। তাদের নিয়ে গেট টুগেদারের আয়োজন করব।’
সবশেষে অপু জানান, ‘চলচ্চিত্র ছেড়ে আমি থাকতে পারব না। আমি অবশ্যই চলচ্চিত্রে ফিরব।’
‘রাজনীতি’ পরিচালনা করেছেন বুলবুল বিশ্বাস। অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, আনিসুর রহমান মিলন, অমিত হাসান, সাদেক বাচ্চু, আলীরাজ, সুব্রত, দেবাশীষ বিশ্বাস প্রমুখ।

ছবি: সংগৃহীত








