বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম প্রধান চলচ্চিত্রকার, বিশিষ্ট গল্পকার ও ঔপন্যাসিক জহির রায়হান ১৯৭২ সালের এই দিনটিতে মিরপুর বধ্যভূমিতে মাত্র ৩৬ বছর বয়সে শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের মৃতদেহ খুঁজতে গিয়ে আর ঘরে ফেরেননি তিনি।
শোকাবহ এই দিনটিকে ঘিরে শহীদ সুরকার আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদেরও রয়েছে বিশেষ কিছু স্মৃতি। সেই স্মৃতি আর নিজের দায়বদ্ধতার প্রকাশ তিনি করেছেন সামাজিক মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে।
স্ট্যাটাসে শাওন লিখেছেন: 
“’৭২ এর ২০ জানুয়ারী জহির চাচ্চু আমাদের বাসায় এসে মাকে কথা দিয়ে গিয়েছিলেন ওনার দাদাভাই (শহীদুল্লাহ কায়সার) এর খোঁজ পেয়েছেন। চাচ্চুর প্রিয় আলতাফ ভাইকেও খুঁজে নিয়ে আসবেন। আপন ভাই এবং চলচ্চিত্র সংগীকে নিজ নিজ পরিবারের কাছে ফিরিয়ে দিতে তিনি ঠিকই গিয়েছিলেন। ওঁনাদের আনতে গিয়ে নিজেই হারিয়ে গিয়েছিলেন ৩০ জানুয়ারী ‘৭২।”
জহির রায়হানের অন্তর্ধানে অনুশোচনা আর অপরাধবোধ অনুভব করেন শাওন মাহমুদ। বলেন, “এইদিনটি আমাকে প্রতি বছরে এক তিক্ত অনুশোচনায় আবৃত করে। আমাদের পরিবারকে করে। ক্ষমা করে দিও বিপুল রায়হান। ক্ষমা করে দিও অনল রায়হান। একাত্তরে আমাদের যা হারানোর তা আবার স্বাধীন দেশে ফিরে পাওয়ার কথা জহির চাচ্চু বিশ্বাস করতেন। সেই বিশ্বাসে আজও অপেক্ষা করি। জানি তোমরাও তাই করো।”
জহির রায়হানের পরিবারের কাছে ক্ষমা চেয়ে তিনি স্ট্যাটাসে বলেন,“শেষ পর্যন্ত ক্ষমা চাই। ক্ষমা চাই আমাদের মতো জীবন ভর বেদনা রায়হান পরিবারকে টানতে হয় দেখে। বাংলাদেশকে টানতে হয় দেখে। বড় ভারী লাগে এই বেদনার ভার। বেদনার ভার বড় ভারী লাগে। যতদিন বেঁচে থাকবো এই দিনটিতে আমি ক্ষমা চেয়েই যাবো।”








