নবম আইপিএলের উদ্বোধনী ম্যাচে বড় জয় পেয়েছে রাইজিং পুনে সুপার জায়ান্ট। তারা নয় উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১২২ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩২ বল বাকি রেখে এক উইকেট হারিয়ে ১২৬ রান করে জয় নিশ্চিত করে ধোনির রাইজিং পুনে।
পুনের ওপেনার আঞ্জিকা রাহানে অনবদ্য ৬৬ রানের ইনিংস খেলেন। রাহানে ৪২ বলে সাতটি চার ও তিন ছয়ে ৬৬ রান করেন।
ওপেনিং জুটিতে রাহানে ও ফাফ ডু প্লেসিস ৭৮ রান যোগ করেন। ডু প্লেসিস ৩৪ রান করে হরভাজন সিংয়ের বলে বোল্ড হন। ওয়ান ডাউনে খেলতে নামা কেভিন পিটারসেনকে নিয়ে সহজেই জয় তুলে নেন আঞ্জিকা রাহানে। পিটারসেন করেন ২১ রান।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে হরভাজন সিংয়ের অনবদ্য ৩০ বলে ৪৫ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২১ রান করে মুম্বাই ইন্ডিয়ান্স।








